গেমিংয়ে নতুন পর্দা
স্যামসাং এনেছে নতুন ওডিসি মনিটর
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৬:২৯, ২৯ আগস্ট ২০২৬
স্যামসাং এনেছে নতুন ওডিসি মনিটর
নতুন ওডিসি গেমিং মনিটর সিরিজ উন্মোচন করেছে স্যামসাং। ২৭ আগস্ট বৃহস্পতিবার জার্মানির কোলোন অঞ্চলে চলমান বিশ্ব ভিডিও গেম অনুষ্ঠান ‘গেমসকম ২০২৬’-এ এটি উন্মোচন করা হয়।
২০২৭ সালের এই সিরিজে রয়েছে ৪৯ ইঞ্চির ওএলইডি জি৯, ৪২ ইঞ্চির বাঁকানো ওএলইডি জি৭, ৩২ ইঞ্চির ওএলইডি জি৮ এবং ১১০০ হার্টজের ওডিসি জি৬। দ্রুত গেমিং ও উন্নত ছবির মানকে গুরুত্ব দেওয়া হয়েছে এসব মডেলে।
ওডিসি ওএলইডি জি৯ ৪৯ ইঞ্চির মনিটর, যার ডুয়াল কিউএইচডি রেজল্যুশন ও ৩৬০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। ডুয়াল মোডে এটি ৭২০ হার্টজ পর্যন্ত যেতে পারে। প্রতিক্রিয়া সময় ০.০৩ মিলিসেকেন্ড।
ওডিসি ওএলইডি জি৮ মডেলে ৩২ ইঞ্চির ফোর’কে ওএলইডি মনিটরে ৩৬০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। গেম অনুযায়ী ফোরকে ৩৬০, কিউএইচডি ৫২০ এবং ফুল এইচডি ৬৮০ হার্টজ মোড বেছে নেওয়া যাবে।
ওডিসি ওএলইডি জি৭, ৪২ ইঞ্চির বাঁকানো ওএলইডি পর্দার এই মডেলে রয়েছে ফোরকে রেজল্যুশন ও ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট। ১০০০আর বাঁকানো পর্দা বড় গেমিং দৃশ্য দেখার সুবিধা দেবে।
ওডিসি জি৬ ২৭ ইঞ্চির এই মনিটরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ১১০০ হার্টজ রিফ্রেশ রেট। স্যামসাংয়ের দাবি, এটি বিশ্বের প্রথম ১১০০ হার্টজ গেমিং মনিটর। কিউএইচডি মোডে এর রিফ্রেশ রেট ৬০০ হার্টজ পর্যন্ত। মডেলটি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে বিশ্ববাজারে আসবে।
এদিকে গেমিংয়ে এইচডিআর১০+ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করেছে স্যামসাং। অ্যাক্টিভিশন ব্লিজার্ডের সঙ্গে কাজ করে ‘কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ৪’-এ প্রযুক্তিটি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্যামসাং জানিয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে ২০টির বেশি বড় গেমে এইচডিআর ১০+ গেমিং সুবিধা যুক্ত করার লক্ষ্য রয়েছে।
সূত্রঃ স্যামসাং নিউজরুম













