ব্যবহার হচ্ছে ১৭ লাখ নম্বর
বিটিসিএলকে নতুন ২২ লাখ নম্বর অনুমোদন
রিশাদ ইসলাম রাতিন
প্রকাশ: ১২:২৮, ৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২৬
বিটিসিএলকে ২২ লাখ নতুন নম্বর অনুমোদন
বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডকে (বিটিসিএল) ২২ লাখ নতুন নম্বর বরাদ্দের অনুমোদন দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিটিসিএলের নম্বর সংকট মেটাতে আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।
বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আবেদনে বলা হয়, ভয়েস কলিং অ্যাপ আলাপের জন্য পূর্বে বরাদ্দ দেওয়া ১৮ লাখ নম্বরের মধ্যে বর্তমানে ব্যবহৃত হচ্ছে ১৭ লাখ নম্বর। তবে আলাপের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। প্রতিমাসেই ২০ থেকে ২৫ হাজার নতুন গ্রাহক যুক্ত হচ্ছেন আলাপ অ্যাপে।
তবে নতুন নম্বর সরবরাহ না থাকায় নিজেদের নম্বরের সাথে মিল রেখে নম্বর পাচ্ছেন না গ্রাহকরা। এতে গ্রাহকদের মধ্যে তৈরি হচ্ছে অসন্তেষ।
এদিকে গেল এক বছরে ৪ লাখ ১৮ হাজার আলাপ নম্বর রিসাইকেল করে পুনরায় ব্যবহার উপযোগী করা হয়। ৬ মাস থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত অব্যবহৃত আলাপ নম্বরগুলো রিসাইকেল করা হয়েছে।
তবে প্রতিনিয়ত গ্রাহক বৃদ্ধির ফলে গ্রাহকদের সাশ্রয়ী টেলিযোগাযোগ সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। একই সাথে নতুন গ্রাহক আকৃষ্ট করাও কষ্টসাধ্য হয়ে পড়ছে বলে আবেদনে বলা হয়।
এ বিষয়ে বিটিসিএলের এক কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) টেকস্ক্রলকে জানান, বর্তমানে প্রতি মাসে আলাপ অ্যাপে যুক্ত হচ্ছেন ২০ থেকে ২৫ হাজার নতুন গ্রাহক। এ বাড়তি চাহিদা মেটাতে আগেই নতুন নম্বরের অনুমোদন নেওয়া হয়েছে। নতুন নম্বরের মাধ্যমে বর্তমানে সাশ্রয়ী সেবা প্রদান সহজ হবে।
এদিকে, বিটিসিএলের আবেদনটি বিবেচনায় ২২ লাখ নতুন নম্বর অনুমোদন দেয় নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। তৃতীয় ও চতুর্থ নতুন প্রিফিক্স হতে অর্থাৎ ৯৬৯৫ ও ৯৬৯৮ থেকে ২০ লাখ নম্বর বরাদ্দ দেয়া হয়েছে। এবং পূর্বে বরাদ্দকৃত প্রিফিক্স ৯৬৯৭ এর অবশিষ্ট ২ লাখ নম্বরও বরাদ্দ দেওয়া হয়।
বিটিআরসির তথ্য অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র ব্যতীত কোনো গ্রাহককে আলাপ সেবা প্রদান না করার শর্তে নতুন নম্বরের অনুমোদন দেওয়া হয়েছে বিটিসিএলকে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে যাচাইকৃত গ্রাহক ব্যতীত সকল গ্রাহকদের নিবন্ধন বাতিল করবে বিটিআরসি।
বর্তমানে আলাপ অ্যাপে মোট ১৭ লাখ গ্রাহকের মধ্যে জাতীয় পরিচয়পত্র যাচাইকৃত গ্রাহক রয়েছে ৯০ শতাংশ।













