ডিসিসিআই কর্মশালা
রাজস্ব ব্যবস্থাপনা অটোমেটেড হওয়া প্রয়োজন
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ২০:২৩, ২৭ আগস্ট ২০২৬
রাজস্ব ব্যবস্থাপনা অটোমেটেড হওয়া প্রয়োজন
ব্যবসায়িক কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি কর প্রদানে জটিলতা কমাতে অটোমেটেড রাজস্ব ব্যবস্থাপনা প্রয়োজন। একই সাথে ডিজিটাল কার্যক্রমে উদ্যোক্তাদের আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
২৭ আগস্ট ঢাকার ডিসিসিআই মিলনায়তনে ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট, ট্যাক্স, শুল্ক আইন এবং ব্যক্তিগত ই-রিটার্ন ব্যবস্থাপনায় পরিবর্তন ও পরিমার্জন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তাসকীন আহমেদ বলেন, চলতি অর্থবছরের বাজেটে ভ্যাট, আয়কর, কাস্টমস ডিউটি ও ই-রিটার্ন ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তাই নতুন নিয়মগুলো সম্পর্কে উদ্যোক্তাদের পরিষ্কার ধারণা থাকা জরুরি।
তিনি বলেন, কর দেওয়ার ক্ষেত্রে জটিলতা কমাতে এবং দেশের রাজস্ব আয় বাড়াতে সরকার ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করছে। এসব ব্যবস্থা সম্পর্কে ব্যবসায়ীদেরও জানা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) এর অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ।
নির্ঝর আহমেদ জানান, চলতি বছরের বাজেটে ট্রেড লাইসেন্স নেওয়া ও নবায়ন, ব্যাংক হিসাব খোলা এবং বাণিজ্য সংগঠনের সদস্যপদ নেওয়া ও নবায়নের মতো কয়েকটি ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের এখনো ভ্যাট নিবন্ধন নেই, তাদের দ্রুত নিবন্ধন করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভ্যাট আইনের ৬৪ ধারায় ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। এখন এক কর মেয়াদের পরিবর্তে তিন কর মেয়াদে রিটার্ন দেওয়ার সুযোগ রয়েছে। এতে ব্যবসায়ীদের কাজ কিছুটা সহজ হবে।
কর সংক্রান্ত আপিলের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনালে আপিল করতে দাবিকৃত করের ১০ শতাংশ জমা দেওয়ার পরিবর্তে এক শতাংশ করা হয়েছে। হাইকোর্টে আপিলের ক্ষেত্রে জমা দিতে হবে ২ শতাংশ। এতে ব্যবসায়ীদের খরচ কমবে।
কর্মশালায় আয়কর ও ভ্যাট বিষয়ে দুটি সেশন অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআইয়ের কাস্টমস ও ভ্যাট স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ এবং যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল আলম, এফসিএ।
কর্মশালায় ডিসিসিআইয়ের সদস্যভুক্ত ১০০টির বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের পরিচালক এম মোশাররফ হোসেন।













