দেশে ফিচার ফোন উৎপাদন বেড়েছে, কমেছে স্মার্টফোন উৎপাদন
গাজী তানজীর আহমেদ
প্রকাশ: ১২:০৮, ২৭ নভেম্বর ২০২৬
দেশে ফিচার ফোন উৎপাদন বেড়েছে, কমেছে স্মার্টফোন উৎপাদন
দেশে এক মাসের ব্যবধানে মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে ৩ লাখ ২৪ হাজার ইউনিট। তবে সামগ্রিকভাবে মোবাইল ফোনের উৎপাদন বাড়লেও উল্লেখযোগ্য হারে কমেছে স্মার্টফোনের উৎপাদন। অন্যদিকে, বেড়েছে ফিচার ফোনের উৎপাদন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে মোবাইল ফোন উৎপাদিত হয়েছে ১৬ লাখ ৪৫ হাজার ইউনিট। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ইউনিটে। এর মধ্যে স্মার্টফোনের উৎপাদন ছিল ২৮ দশমিক ৯০ শতাংশ এবং ফিচার ফোনের উৎপাদন ছিল ৭১ দশমিক ১০ শতাংশ।
অক্টোবরে সবচেয়ে বেশি উৎপাদিত হয়েছে টুজি মোবাইল ফোন। সেপ্টেম্বরে দেশে ৮ লাখ ২২ হাজার টুজি ফোন উৎপাদিত হয়েছিল। অক্টোবরে তা বেড়ে হয়েছে ১৩ লাখ ৯৯ হাজার। অর্থাৎ, এক মাসে টুজি ফোনের উৎপাদন বেড়েছে ৫ লাখ ৭৭ হাজার ইউনিট।
অন্যদিকে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ফোরজি ফোনের উৎপাদন ৭ লাখ ৯১ হাজার থেকে কমে ৪ লাখ ৭৯ হাজারে নেমেছে। অর্থাৎ, স্মার্টফোনের উৎপাদন কমেছে ৩ লাখ ১২ হাজার ইউনিট। তবে ফাইভজি ফোনের উৎপাদন ৩১ হাজার থেকে বেড়ে ৯০ হাজার হয়েছে।
স্মার্টফোনের উৎপাদন কমার পেছনে বিশ্ববাজারে মেমোরির দাম বৃদ্ধিকে অন্যতম কারণ হিসেবে দেখছেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (MIOB) সভাপতি জাকারিয়া শহীদ।
তিনি টেকস্ক্রলকে জানান, বিশ্ববাজারে মেমোরির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। আগে ন্যূনতম স্পেসিফিকেশনের একটি স্মার্টফোন ১০ হাজার টাকায় কেনা যেত। এখন সেটি কিনতে ব্যয় হচ্ছে ১৬ থেকে ১৭ হাজার টাকা। স্মার্টফোনের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমেছে। ফলে স্মার্টফোনের বিক্রি কমছে, যার প্রভাব পড়ছে উৎপাদনেও।
স্মার্টফোনের বাজারে আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে গ্রে মার্কেট বা অননুমোদিত বাজারের বিস্তার। জাকারিয়া শহীদ জানান, আগের তুলনায় বর্তমানে গ্রে মার্কেটের মাধ্যমে দেশে বেশি স্মার্টফোন আসছে। এসব ফোন বিক্রি হলেও তার হিসাব অনুমোদিত আমদানিকারক ও স্থানীয় উৎপাদনকারীদের বিক্রির পরিসংখ্যানে যুক্ত হচ্ছে না। ফলে অফিশিয়াল চ্যানেলে বিক্রির পরিমাণ কম দেখা যাচ্ছে। এর প্রভাব পড়ছে স্থানীয় উৎপাদনেও।
তবে ফিচার ফোনের উৎপাদন বেড়েছে মানেই এর চাহিদা হঠাৎ বেড়েছে, এমনটা মনে করেন না তিনি। জাকারিয়া শহীদ বলেন, দেশের গ্রামাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলে ফিচার ফোনের ব্যবহার আগে থেকেই বেশি। এ কারণে দীর্ঘদিন ধরেই স্মার্টফোনের তুলনায় ফিচার ফোনের বাজার বড়।
এদিকে, বিটিআরসির হিসাবে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বরে ফিচার ফোন ও স্মার্টফোন উৎপাদনের মধ্যে তেমন কোনো তারতম্য ছিল না। এসময় মোট উৎপাদনের ৫০ দশমিক ৯৬ শতাংশ ছিল ফিচার ফোন এবং ৪৯ দশমিক ৪ শতাংশ ছিল স্মার্টফোন।













