রবি ও এমটিবি
ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে চালু করেছে বাংলা কিউআর
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:০২, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১০, ৪ নভেম্বর ২০২৬
ঢাকার বনানীতে অবস্থিত সাফুরা টাওয়ারে রবি-সার্কেল কাস্টমার কেয়ার সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান
ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সঙ্গে অংশীদারত্বে নিজেদের সব ওয়াক-ইন সেন্টার (ডব্লিউআইসি) ও দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট সুবিধা চালু করেছে রবি আজিয়াটা পিএলসি। এর মাধ্যমে গ্রাহকদের জন্য ক্যাশলেস লেনদেন আরও সহজলভ্য ও সুবিধাজনক করার ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠান দুটি।
বুধবার সকালে ঢাকার বনানীতে অবস্থিত সাফুরা টাওয়ারে রবি-সার্কেল কাস্টমার কেয়ার সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম ।
নতুন এ সুবিধার মাধ্যমে গ্রাহকেরা রবির যেকোনো আউটলেটে বাংলা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। এ জন্য অংশগ্রহণকারী ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রদানকারী (এমএফএস) কিংবা পেমেন্ট সেবা প্রদানকারীর (পিএসপি) সমর্থিত যেকোনো অ্যাপ ব্যবহার করা যাবে। একটি নির্দিষ্ট মার্চেন্ট কিউআর কোডের মাধ্যমে গ্রাহকেরা নগদ অর্থ ছাড়াই সরাসরি নিজেদের অ্যাকাউন্ট থেকে সহজে লেনদেন সম্পন্ন করতে পারবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, “ক্যাশলেস ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং প্রযুক্তিনির্ভর সেবাদাতাদের মধ্যে আরও বেশি সহযোগিতা প্রয়োজন। বাংলা কিউআরের মতো সমন্বিত পেমেন্ট ব্যবস্থা দেশের মানুষের কাছে ডিজিটাল লেনদেনকে আরও সহজলভ্য করে তুলতে পারে। আরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠানকে এ ধরনের সেবা চালু করতে উৎসাহিত করছি, যাতে দেশে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ব্যবস্থার বিকাশ ত্বরান্বিত হয়।”
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ডিজিটাল পেমেন্টের বিস্তার নির্ভর করে গ্রাহকদের জন্য লেনদেন কতটা সহজ, সহজলভ্য ও নির্ভরযোগ্য করা যাচ্ছে তার ওপর। রবির সব ওয়াক-ইন সেন্টার এবং দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর সুবিধা চালুর মাধ্যমে আমরা এর ব্যবহার আরও বিস্তৃত করছি। এমটিবির পেমেন্ট সক্ষমতা এবং রবির বিস্তৃত গ্রাহক নেটওয়ার্ককে একত্রিত করে দৈনন্দিন লেনদেনে সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধা পৌঁছে দিতে কাজ করছি। এর মাধ্যমে বাংলাদেশের নগদবিহীন অর্থনীতিতে রূপান্তরের পথ আরও সহজ হবে।
শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন,আমরা বিশ্বাস করি, ডিজিটাল রূপান্তরের মূল উদ্দেশ্য হলো মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। আমাদের সব ওয়াক-ইন সেন্টার ও দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর চালুর মাধ্যমে গ্রাহকেরা তাঁদের পরিচিত ও বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করার আরও বেশি সুযোগ পাবেন। এমটিবির সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব টেলিযোগাযোগ ও আর্থিক সেবাকে একত্রিত করে ডিজিটাল সুবিধাকে মানুষের দৈনন্দিন জীবনের আরও কাছাকাছি নিয়ে আসছে। পরিচিত সেবাকেন্দ্রগুলোতে ডিজিটাল পেমেন্টের সুবিধা নিশ্চিত হলে আরও বেশি মানুষ নগদবিহীন লেনদেনে অভ্যস্ত হবেন বলে আমরা আশা করি।
বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে এ কার্যক্রম চালু করা হয়েছে। এর লক্ষ্য হলো সারা দেশে একটি সমন্বিত ও আন্তঃব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা। গ্রাহকদের লেনদেন সহজ করার পাশাপাশি এ উদ্যোগ রবির রিটেইল ও সরবরাহব্যবস্থার ডিজিটাল রূপান্তরেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর ফলে গ্রাহক, খুচরা বিক্রেতা, পরিবেশক ও প্রতিষ্ঠানের মধ্যে অর্থ সংগ্রহ এবং স্থানান্তরের প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে।
এ অংশীদারত্বের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং বাংলাদেশের বিকাশমান ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে রবি ও এমটিবি।
সূত্র: ইনফো স্টেশন













