বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

| ২০ কার্তিক ১৪৩৩

বাড়ছে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ

তিন বছরে ৩৪৬ বিলিয়ন ডলার হবে সাইবার নিরাপত্তা পণ্যের বাজার

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৩:২৯, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৭, ৫ নভেম্বর ২০২৬

তিন বছরে ৩৪৬ বিলিয়ন ডলার হবে সাইবার নিরাপত্তা পণ্যের বাজার

তিন বছরে ৩৪৬ বিলিয়ন ডলার হবে সাইবার নিরাপত্তা পণ্যের বাজার

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে সাইবার হামলা আরও দ্রুত ও জটিল হয়ে উঠছে। সুপারমার্কেটের রেফ্রিজারেটরে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় হামলা, ক্রিপ্টোকারেন্সি চুরি থেকে শুরু করে বহুল ব্যবহৃত ওয়েব সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি কাজে লাগাচ্ছে হ্যাকাররা।  এতে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে অনেক প্রতিষ্ঠান এআইভিত্তিক নিরাপত্তা ব্যবস্থায় বিনিয়োগ বাড়াচ্ছে।

পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসির পূর্বাভাস অনুযায়ী, বৈশ্বিক সাইবার নিরাপত্তা পণ্য ও সেবার বাজার ২০২৫ সালে ২২৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৯ সালে ৩৪৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিভিন্ন সফটওয়্যার ও কম্পিউটার ব্যবস্থায় প্রায় ৩৭ হাজার নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। ভালনারেবিলিটিজ অ্যান্ড এক্সপোজারসের (সিভিই) তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় তিন গুণ। তবে নিরাপত্তা ত্রুটির সংখ্যা বাড়ার পেছনে নতুন ত্রুটি শনাক্তের পাশাপাশি সেগুলো বেশি করে নথিভুক্ত করার বিষয়টিও ভূমিকা রাখতে পারে।

জার্মান ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান আয়োনোসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মার্কাস নোগা রয়টার্সকে বলেন, আগে কয়েক মাসের ব্যবধানে যে মাত্রার সাইবার হামলার ঘটনা ঘটত, এখন প্রায় প্রতি সপ্তাহে, এমনকি কয়েক দিন পরপরই একই ধরনের ঘটনা ঘটছে। 

সাত লাখ নয়, প্রায় ৭০ লাখ গ্রাহককে সেবা দেওয়া প্রতিষ্ঠানটি জুলাইয়ে নিরাপত্তা ত্রুটি বেড়ে যাওয়ার পর নিজেদের সুরক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনেছে। এখন এআইভিত্তিক নজরদারি ব্যবস্থায় হুমকি শনাক্ত এবং এআইয়ের সহায়তায় দিনরাত সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি সংশোধন করছে তারা।

এদিকে ইউরোপের ১২টি দেশের সুপারমার্কেটে রেফ্রিজারেটরে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে নষ্ট হওয়া খাবার ফেলে দিতে বাধ্য হয়েছেন বিক্রেতারা। গত তিন সপ্তাহে এ ধরনের দ্বিতীয় হামলার ঘটনা এটি। 

এর আগে নেদারল্যান্ডসভিত্তিক সুপারমার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান আহোল্ড ডেলহাইজের ওপর হামলায় ২০ কোটি ইউরোর বেশি বিক্রির ক্ষতি হয়েছিল। প্রতিষ্ঠানটি তখন এক সপ্তাহের জন্য নিজেদের ওয়েবসাইট ও অ্যাপ বন্ধ রাখতে বাধ্য হয়।

 ডিজিটাল ভবিষ্যৎ সহায়তায় স্পেকট্রাম ব্যয় যৌক্তিকীকরণের আহ্বান এমটবের

সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় বিনিয়োগ বাড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির শিকার হওয়ার পর বিন্যান্স এআইভিত্তিক হুমকি শনাক্তকরণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়েছে। নেদারল্যান্ডসের রটারডাম বন্দর তৈরি করছে এআইনির্ভর সাইবার সুরক্ষা ব্যবস্থা। জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান সিমেন্সও প্রতিরক্ষার কাজে উন্নত এআই মডেল পরীক্ষা করছে।

ভ্রমণবিষয়ক প্ল্যাটফর্ম বুকিং ডটকমের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মার্নি উইলকিং বলেন, সাইবার অপরাধীদের সঙ্গে লড়াই শেষ হওয়ার নয়। একটি হামলার পথ বন্ধ করার আগেই অপরাধীরা নতুন পথ খুঁজে নেয়। এ কারণে প্রতিষ্ঠানটির শত শত প্রকৌশলী এআইভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে কাজ করছেন।

বিশেষজ্ঞদের মতে, এআইয়ের সহায়তায় হামলার গতি বাড়ায় এখন নিরাপত্তা ত্রুটি শনাক্তের পাশাপাশি দ্রুত তা সংশোধন করাও প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

 বিজ্ঞাপনদাতাদের জন্য এআইনির্ভর নতুন সুবিধা আনল টিকটক


 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন