মেয়াদ শেষের আগেই বাদ এমদাদ উল বারী
বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ উজ জামান
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:৩৩, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২১, ১৫ নভেম্বর ২০২৬
বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ উজ জামান
মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীকে পদ থেকে বাতিল করেছে জনপ্রসাশন মন্ত্রণালয়। এরইমধ্যে নতুন চেয়ারম্যানও নিয়োগ দেয়া হয়েছে। এক বছরের জন্য নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মেজর জেনারেল মো. ওয়াহিদ উজ জামান (অব.)।
রোববার (১৫ নভেম্বর) জন প্রসাশন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ উজ জামানকে তার অবসর উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয় বলেও জানানো হয়।
অপর প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে প্রজ্ঞাপনমূলে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
এদিকে, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে তিন বছরের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছিল। তবে ২ বছর মধ্যেই পদ থেকে বাতিল করা হয়েছে তাকে। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালে।













