বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

| ৩ আষাঢ় ১৪৩৩

আগ্রহ বাড়ছে মধ্যবিত্তদের

দেশের বাজারে বাড়ছে আইফোন বিক্রি

শেখ ফারহান ফাহিম

প্রকাশ: ১২:১৭, ১৮ জুন ২০২৬

দেশের বাজারে বাড়ছে আইফোন বিক্রি

দেশের বাজারে বাড়ছে আইফোন বিক্রি

নতুন ও ব্যবহৃত দুই ধরণের আইফোনের বিক্রি বেড়েছে  

ব্যয়বহুল হলেও দেশের বাজারে প্রতিবছরই বাড়ছে আইফোন বিক্রির হার। নতুন ও ব্যবহৃত দুই ধরণের আইফোন বিক্রি বেড়েছে রাজধানীর মোবাইল বাজারে। বিক্রেতারা জানান গেল বছরের প্রথম ৫ মাসের নতুন আইফোনে বিক্রি সর্বোচ্চ ২০ শতাংশ বাড়লেও ব্যবহৃত আইফোন বিক্রির হার সর্বোচ্চ ১০ শতাংশ। কঠোর নিরাপত্তা ব্যবস্থা, স্বচ্ছ ক্যামেরার পাশপাশি ব্যবহৃত হ্যান্ডসেটটি পুনরায় বিক্রির সুবিধায় মধ্যবিত্তদেরও আইফোনের প্রতি আগ্রহ বাড়ছে বলেও জানান তারা।  

বৈশ্বিক বাজারে আইফোন নিয়ে ক্রেতাদের আগ্রহের যেন শেষ নেই। ব্যবহারের পাশপাশি শুধু নিজের স্ট্যাটাস বৃদ্ধিতেও অনেকে হাতে রাখতে চান একটি আইফোন। বৈশ্বিক বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রির্সাচের এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে আইফোন। চলতি বছরে প্রথম প্রান্তিক জানুয়ারি থেকে মার্চে বৈশ্বিক বাজারের ২১ শতাংশ দখলে ছিল অ্যাপেলের স্মার্টফোন আইফোনের। গেলে বছরের একই সময় বৈশ্বিক বাজারে আইফোনের দখলে ছিল ১৯ শতাংশ অংশ।

দেশের বাজারেও ক্রেতাদের মধ্যে বাড়ছে আইফোন কেনার আগ্রহ। সেলিব্রেটি ও ব্যবসায়ীদের পাশপাশি মধ্যবিত্তরাও এখন একটি আইফোন কিনতে ভীড় জমাচ্ছেন বাজারে। রাজধানীর বিভিন্ন মোবাইল বাজার ঘুরে দেখা যায়, শুধু নতুন আইফোন নয় ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতেও ব্যস্ত ক্রেতারা। আইফোন কিনতে আসা এক কনটেন্ট ক্রিয়েটর জানান, কাজের জন্য একটি মোবাইল ফোনের ক্যামেরা ও ভিডিওয়ের মান অত্যন্ত গুরুত্ব বহন করে। তাই দাম বেশি হলেও সাদা রঙের আইফোন ১৬ প্রো মেক্স কিনতে এসেছেন তিনি।

পেশায় ফ্রিল্যান্সার আরেক ক্রেতা জানান, ইউনিক ডিজাইন শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ও অপারেটিং সিস্টেমে নতুনত্বের কারণে আইফোনের প্রতি আগ্রহ তার। বাজারে এসেছেন ১৩ সিরিজের একটি ব্যবহৃত আইফোন কিনতে। পুনরায় বিক্রি করা যায় তাই আইফোন কেনা লাভজনক বলে মনে করছেন তিনি।

বিক্রোরা জানান, অ্যাপেল প্রতিষ্ঠানের স্মার্টফোন নতুন আইফোনের পাশাপাশি বিক্রি বাড়ছে ব্যবহৃত আইফোনেরও। গেল বছরের তুলনায় চলতি বছর জানুয়ারি থেকে মে এই ৫ মাসে নতুন আইফোন বিক্রি বেড়েছে ১৫ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ। আর ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড আইফোন বিক্রি বেড়েছে ১০ শতাংশ। পুরানো সিরিজগুলোর পাওয়া না গেলেও ৭ থেকে শুরু করে ১৭ সিরিজের সব মডেলের ব্যবহৃত আইফোন পাওয়া যাচ্ছে বাজারে।

তারা আরো জানান, সাদা ও কালো রঙের ১৩ ও ১৫ প্রো মেক্স আইফোন বেশি বিক্রি হচ্ছে। একটি নতুন আইফোনের তুলনায় দাম কম হওয়ায় অ্যাপেলের অভিজ্ঞতা পেতে অনেকে ব্যবহৃত আইফোন কিনছেন। ব্যবহৃত হ্যান্ডসেটটির দাম নির্ধারণ করা হয় মডেল, ব্যাটারি হেলথ ও মেরামতের রেকর্ড যাচাইয়ের মাধ্যমে। ব্যবহৃত আইফোনের ব্যাটারি হেলথ ৮৫ শতাংশের বেশি হলে দামও তুলনামূলক বেশি হয়। এছাড়াও সেকেন্ড হ্যান্ড ফোনটির আগে কোনো মেরামতের রেকর্ড থাকলে দাম কমে যায়।

ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন তথ্য, দেশে বছরে প্রায় দেড় থেকে ২ লাখ আইফোন বিক্রি হয়। দেশের তিন প্রতিষ্ঠান আইফোন আমদানির সাথে সরাসরি জড়িত থাকলেও অধিকাংশ আইফোন লাগেজ দলের মাধ্যমে বাজার দখল করছে বলে জানায় হ্যান্ডসেট উৎপাদকদের এই সংগঠন।

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন