শনিবার, ০৪ জুলাই ২০২৬

| ১৯ আষাঢ় ১৪৩৩

দীর্ঘস্থায়ী ব্যাটারি সক্ষমতায় আগ্রহী ক্রেতারা

জুনে বাজারে নতুন ৬ স্মার্টফোন

টেক স্ক্রল

প্রকাশ: ১৫:৩৫, ৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:০২, ৪ জুলাই ২০২৬

জুনে বাজারে নতুন ৬ স্মার্টফোন

চলতি বছরের গেল জুনে দেশের বাজারে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোন। নতুন মডেল, দ্রুত চার্জিং সক্ষমতা, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, উন্নত ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এইআই সুবিধা ও সাশ্রয়ী মূল্যের বিষয়টি গুরুত্ব দিয়ে বাজারে স্মার্টফোন নিয়ে হাজির ভিভো, টেকনো, হুয়াওয়ে, শাওমি, জেডটিই ও হেলিও এর মতো প্রতিষ্ঠান।

ভিভো এক্স ৩০০ আল্ট্রা

প্রিমিয়াম বাজারের নতুন সংযোজন ভিভো এক্স ৩০০ আল্ট্রা। ডিভাইসটির দাম ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা। উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং উচ্চমানের নির্মাণশৈলীর কারণে ডিভাইসটি মূলত পেশাদার ব্যবহারকারী, কনটেন্ট নির্মাতা ও প্রযুক্তি প্রেমীদের আকৃষ্ট করছে। সবুজ, কালো, সিলভার ও সাদা এই চার রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি।

টেকনো স্পার্ক ৫০ প্রো

১৮ জুন উন্মোচিত টেকনো স্পার্ক ৫০ প্রোর মূল্য ২৬ হাজার ৯৯৯ টাকা। ফোনটিতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার-ঘণ্টা (mAh) ব্যাটারি সক্ষমতা, ৬০ ওয়াট দ্রুত চার্জিং, এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সুরক্ষা এবং উন্নত ক্যামেরা সুবিধা। দীর্ঘ সময় চার্জ ধরে রাখার সক্ষমতা ও দ্রুত চার্জিংয়ের কারণে এটি তরুণ ব্যবহারকারীদের আকৃষ্টের পথ সহজ করছে।

হুয়াওয়ে নোভা ওয়াই ৭৪

৮ জুন বাজারে আসা হুয়াওয়ে নোভা ওয়াই ৭৪ স্মার্টফোনটির দাম ২৯ হাজার ৯৯৯ টাকা। বড় ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি এই ফোনটির প্রধান আকর্ষণ। ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বা দীর্ঘ সময় ফোন ব্যবহারকারীদের বিষয়টি বিবেচনায় ডিভাইসটি তৈরি করা হয়েছে।

শাওমি রেডমি ১৭সি

২৩ জুন বাজারে আসে শাওমি রেডমি ১৭সি। ১৪ হাজার ৯৯০ টাকা দামের এই স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৮৮ ইঞ্চির বড় ডিসপ্লে , হাইপারওএস ৩ এবং দৈনন্দিন ব্যবহার উপযোগী হার্ডওয়্যার। সাশ্রয়ী মূল্যে এটি ব্যবহারকারীদের জন্য একটি প্রতিযোগিতামূলক ডিভাইস।

 জেডটিই নুবিয়া এয়ার প্রো

২৬ জুন বাজারে আসা জেডটিই নুবিয়া এয়ার প্রোর সর্বনিম্ন দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা । এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা , মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসর এবং উচ্চক্ষমতার হার্ডওয়্যার। গেমিং ও মোবাইল ক্যামেরায় আগ্রহীদের লক্ষ্য করেই এটি বাজারে আনা হয়েছে।

হেলিও ৪৬

২১ জুন বাজারে আসা হেলিও ৪৬ স্মার্টফোনের মূল্য ১৫ হাজার ৯৯৯ টাকা। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৮১ প্রসেসর। সাশ্রয়ী মূল্যে গেমারদের জন্য এটি উপযোগী ডিভাইস। এমনকি মোবাইলের মাধ্যমে অফিসের কাজে আগ্রহীদের লক্ষ্য করেই ডিভাইসটি তৈরি।

এদিকে মোবাইল ফোন বিক্রেতারা বলছেন, আগের তুলনায় বর্তমানে ক্রেতারা ক্যামেরা  ও নকশার পাশাপাশি ব্যাটারির ধারণক্ষমতাকেও সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। একবার চার্জে সারাদিন ব্যবহার করা যায় এমন ফোনের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়ছে।

৫ হাজার থেকে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-ঘণ্টা সক্ষমতা সম্পন্ন ব্যাটারির স্মার্টফোন বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। একই সাথে জুনে বাজারে আসা স্মার্টফোনগুলো ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম বলেও জানান তারা।

 

 

 

 

 

 

 

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন