নতুন প্রযুক্তির আভাস
অ্যাপলের ক্যামেরাযুক্ত এয়ারপডের প্রথম ঝলক মিলল
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:৪১, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:১৪, ১৮ আগস্ট ২০২৬
অ্যাপলের ক্যামেরাযুক্ত এয়ারপডের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ম্যাক কম্পিউটারের নতুন সফটওয়্যারের পরীক্ষামূলক সংস্করণে থাকা একটি ভিডিওতে নতুন এই ডিভাইসটির সম্ভাব্য নকশা ও প্রযুক্তি সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
ভিডিওটিতে একজন ব্যক্তিকে এয়ারপড পরে একটি বইয়ের দিকে তাকাতে দেখা যায়। এরপর এয়ারপডের ক্যামেরা ব্যবহার করে বইটির তথ্য শনাক্ত করা এবং তা পরে মনে রাখার জন্য সিরির মাধ্যমে সংরক্ষণ করার প্রযুক্তি দেখানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন এয়ারপডের ক্যামেরার মূল উদ্দেশ্য ছবি বা ভিডিও ধারণ করা নয়। বরং ক্যামেরা থেকে পাওয়া কম রেজল্যুশনের ভিজ্যুয়াল তথ্য ব্যবহার করে ব্যবহারকারীর চারপাশের পরিবেশ বুঝতে সিরিকে সহায়তা করা হবে। এর মাধ্যমে দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহারকারীকে সহায়তা করতে পারে ডিভাইসটি।
উদাহরণ হিসেবে বলা হয়েছে, ফ্রিজে থাকা খাবার দেখে কী রান্না করা যেতে পারে, সে বিষয়ে পরামর্শ দিতে পারে এই প্রযুক্তি। একইভাবে সামনে থাকা পরিবেশ বা পথ বুঝে দিকনির্দেশ দেওয়ার ক্ষেত্রেও এটি কাজে লাগতে পারে। অর্থাৎ ক্যামেরাটি সরাসরি ছবি তোলার চেয়ে চারপাশের পরিবেশ বোঝার কাজে বেশি গুরুত্ব পাবে।
ভিডিওতে দেখা নতুন এয়ারপডের স্টেম বর্তমান এয়ারপডস প্রো থ্রি-এর তুলনায় কিছুটা মোটা বলে মনে হয়েছে। সফটওয়্যারের পরীক্ষামূলক সংস্করণে ডিভাইসটির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সংকেত ও ত্রুটির বার্তাও পাওয়া গেছে। এর মধ্যে বাম এয়ারবাডের ইমেজ স্ট্রিম সংক্রান্ত একটি ত্রুটির উল্লেখ রয়েছে।
প্রতিবেদনে নতুন ক্যামেরাযুক্ত এয়ারপড প্রকল্পটির কোডনেম বি৭৯০ বলেও উল্লেখ করা হয়েছে। এটি আগে আলোচনায় থাকা আরেকটি ক্যামেরাযুক্ত এয়ারপড প্রকল্প বি৭৯৮ থেকে আলাদা। বি৭৯৮ প্রকল্পের সম্ভাব্য বাজারে আসার সময় ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরীক্ষামূলক সফটওয়্যারে এয়ারপডের ক্যামেরা যাতে চারপাশের দৃশ্য সঠিকভাবে বুঝতে পারে, সে জন্য ডিভাইসটি খোলা রাখার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। এমনকি ব্যবহারকারীর লম্বা চুল ক্যামেরার দৃশ্য আংশিকভাবে ঢেকে দিলে সমস্যা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
অ্যাপলের কর্মীরা কয়েক মাস ধরে নতুন এই ডিভাইসের প্রোটোটাইপ ব্যবহার করছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এসব তথ্য থেকে ধারণা করা হচ্ছে, ডিভাইসটির উন্নয়ন ও পরীক্ষার কাজ বেশ এগিয়েছে। প্রোটোটাইপটি ডিজাইন ভ্যালিডেশন টেস্ট বা ডিভিটি পর্যায়ে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন ক্যামেরাযুক্ত এয়ারপড চলতি বছরের সেপ্টেম্বরে উন্মোচন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি অ্যাপলের সেপ্টেম্বরের বিশেষ অনুষ্ঠানে নতুন আইফোন সিরিজের সঙ্গে উন্মোচিত হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া













