কার্যক্রম বন্ধের আদেশ
আইজিডব্লিউ প্রতিষ্ঠান রুটস কমিউনিকেশনের লাইসেন্স বাতিল
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৬:৫১, ৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:২০, ৮ সেপ্টেম্বর ২০২৬
আইজিডব্লিউ প্রতিষ্ঠান রুটস কমিউনিকেশনের লাইসেন্স বাতিল
ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্সধারী প্রতিষ্ঠান রুটস কমিউনিকেশন লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিবন্ধিত ঠিকানায় কোনো বাস্তব অস্তিত্ব বা কার্যক্রম না পাওয়ায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে।
৮ সেপ্টেম্বর জারি করা বিটিআরসির এক আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রুটস কমিউনিকেশনের নামে থাকা ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানটির লাইসেন্স ২০১২ সালের এপ্রিলে ইস্যু করা হয়।
বিটিআরসির তথ্য মতে, রাজধানীর আরকে মিশন রোডের এক ভবনে প্রতিষ্ঠানটির কার্যক্রমের ঠিকানা উল্লেখ করা হয়। তবে প্রতিষ্ঠানের নিবন্ধিত ঠিকানায় কোনো বাস্তব কার্যক্রম বা অস্তিত্ব পাওয়া যায়নি। একই সাথে লাইসেন্স বাতিল সংক্রান্ত বিষয়ে কারণ দর্শানোর নোটিশেরও জবাব প্রদান করেনি প্রতিষ্ঠানটি।
নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির আদেশে বলা হয়,বাতিল হওয়া লাইসেন্সের অধীনে রুটস কমিউনিকেশনের কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে তা অবৈধ হিসেবে গণ্য হবে। একই সাথে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ অনুযায়ী এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
প্রতিষ্ঠানটিকে আইজিডব্লিউ লাইসেন্সের আওতাভুক্ত সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিটিআরসি। পাশাপাশি মোবাইল অপারেটরসহ টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে রুটস কমিউনিকেশনের সাথে সব ধরনের টেলিযোগাযোগ চুক্তি সম্পাদনসহ সেবা আদান প্রদান থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও প্রতিষ্ঠানটির বিপরীতে আর্থিক লেনদেন থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
নোটিশ জারির তারিখ থেকে ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠানটিকে বাতিল হওয়া লাইসেন্স এবং বকেয়া কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনের প্রশাসন, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস, লিগ্যাল এবং অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে বলেও জানা যায়।













