ডিজিটাল লেনদেনে অগ্রাধিকার
৫ হাজার টাকার স্মার্টফোন উৎপাদন শুরু
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ২১:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২১, ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বোচ্চ ৫ হাজার টাকার স্মার্টফোন উৎপাদন শুরু
দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে, পাওয়া যাবে চার থেকে পাঁচ হাজার টাকায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ২.০ শীর্ষক গ্রুপ ডায়ালগ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে। চার থেকে পাঁচ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে। যা আগামীতে কৃষক ও সাধারণ মানুষের প্রযুক্তি ব্যবহারের পথ সুগম করবে।
তারা এখন আবহাওয়া, সারের মাত্রা কিংবা পণ্যের বাজারদর সহজেই জানতে পারছেন। এছাড়া ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, কিংবা ইমাম-পুরোহিতদের ভাতা ব্যাংকিং চালুর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই আর্থিক অন্তর্ভুক্তিকরণ ঘটছে।
মন্ত্রী আরো বলেন, ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট কর্মসূচির মাধ্যমে প্রান্তিক উৎপাদক ও কারিগরদের চিহ্নিত করে ডিজিটাল লেনদেন ও ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ একটি অপরটির পরিপূরক। ডিজিটাল অর্থনীতির সার্বিক গতি নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগ (Robust Internet) অপরিহার্য। শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো ছাড়া ডিজিটাল অর্থনীতির সুফল পুরোপুরি অর্জন করা সম্ভব নয়। ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে উদ্ভাবন যেন থমকে না যায়, সে জন্য প্রয়োজনীয় সাইবার সিকিউরিটি ও নীতিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।













