বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

| ২১ আশ্বিন ১৪৩৩

তথ্য সংগ্রহের অভিযোগ

মামলায় টিকটকের ৪০ কোটি ডলারের সমঝোতা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:৪২, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৫১, ২৩ আগস্ট ২০২৬

মামলায় টিকটকের ৪০ কোটি ডলারের সমঝোতা

মামলায় টিকটকের ৪০ কোটি ডলারের সমঝোতা

শিশুদের অনলাইন গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ মেটাতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতা করেছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। অভিযোগ ছিল, ১৩ বছরের কম বয়সী শিশুদের অভিভাবকের অনুমতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে টিকটক।

সমঝোতা অনুযায়ী, টিকটক এখনই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে ৩০ কোটি ডলার দেবে। পরে আরও ১০ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে। 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ২০২৪ সালে টিকটক ও বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করেছিল। মামলায় বলা হয়, জানা সত্ত্বেও টিকটক ১৩ বছরের কম বয়সী শিশুদের সাধারণ অ্যাকাউন্ট খুলতে দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, এসব শিশু সাধারণ টিকটক ব্যবহারকারীদের মতো ভিডিও তৈরি ও শেয়ার করতে এবং অন্যদের সঙ্গে বার্তা আদান-প্রদান করতে পারতেন। তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের আগে অভিভাবকের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের শিশুদের অনলাইন গোপনীয়তা আইনে ১৩ বছরের কম বয়সীদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, মামলা হওয়ার পর টিকটক শিশুদের তথ্য সুরক্ষায় বেশ কিছু বড় পরিবর্তন এনেছে। শিশুদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য রক্ষায় নতুন ব্যবস্থা জোরদার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই উডওয়ার্ড জুনিয়র বলেন, এই সমঝোতা শিশু ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। অনলাইনে শিশুদের নিরাপদ রাখা এবং তাদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

এদিকে যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়েও এর আগে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের মালিকানাধীন অংশীদারদের নিয়ে একটি নতুন যৌথ প্রতিষ্ঠান তৈরিতে সম্মত হয়।

এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য আরও নিরাপদ রাখা এবং দেশটিতে টিকটকের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়ানো। যুক্তরাষ্ট্রে ২০ কোটির বেশি মানুষ টিকটক ব্যবহার করেন।

সমঝোতার বিষয়ে টিকটকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

সূত্রঃ আল জাজিরা

 

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন