বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

| ২৮ আশ্বিন ১৪৩৩

নাম পরিবর্তন এয়ারটেলের

এয়ারটেল এখন সার্কেল, বদলাবেনা গ্রাহক সেবা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:৪০, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৩১, ১৭ আগস্ট ২০২৬

এয়ারটেল এখন সার্কেল, বদলাবেনা গ্রাহক সেবা

এয়ারটেল থেকে ‘সার্কেল’, বদলাবে না গ্রাহকের সেবা

মোবাইল ব্র্যান্ড এয়ারটেল এখন ‘সার্কেল’ নামে নতুন পরিচয়ে যাত্রা শুরু করছে। ১৬ বছরের পথচলার পর এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি। তবে নাম বদলালেও গ্রাহকদের নম্বর, সেবা, প্যাকেজ, ব্যালান্স ও মোবাইল আর্থিক সেবায় কোনো পরিবর্তন হচ্ছে না।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ উন্মোচন করা হয়।

এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহক হবেন। তাঁদের ০১৬ নম্বর আগের মতোই থাকবে। একই সঙ্গে চালু থাকবে বর্তমান সেবা, প্যাকেজ ও ব্যালান্স।

গ্রাহকদের মোবাইল আর্থিক সেবাতেও কোনো পরিবর্তন হচ্ছে না। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, হিসাব, ওয়ালেট, লেনদেন ও ব্যক্তিগত তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে।

তরুণদের সঙ্গে এয়ারটেলের দীর্ঘদিনের সম্পর্ককে ভিত্তি করেই তৈরি হয়েছে সার্কেল। নতুন ব্র্যান্ডে তরুণদের পরিবর্তিত জীবনধারা ও ডিজিটাল অভ্যাসকে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে আরও আধুনিক ও সাশ্রয়ী সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।

সার্কেলের মূল ভাবনা হলো বাস্তব জীবনের সম্পর্ককে আরও শক্তিশালী করা। মানুষ যেন নিজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বন্ধু, কমিউনিটি ও পছন্দের অভিজ্ঞতার সঙ্গে সহজে যুক্ত থাকতে পারে, সেই লক্ষ্যেই সাজানো হয়েছে নতুন ব্র্যান্ডটি।

অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই পথচলার পরের ধাপ। নাম বদলালেও গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের মূল প্রতিশ্রুতি একই থাকবে।

তিনি বলেন, এখন শুধু বেশি মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করাই যথেষ্ট নয়। সেই সম্পর্ককে আরও অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ। সার্কেল সেই লক্ষ্যেই এয়ারটেলের পরবর্তী যাত্রা।

‘আসল সংযোগ, সবসময় সচল’— এই প্রতিশ্রুতিকে সামনে রেখে সার্কেল বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি ও অন্যান্য ডিজিটাল কাজে তরুণদের পাশে থাকার লক্ষ্য নিয়েছে।

ব্র্যান্ড বদলের পুরো সময় গ্রাহকের সেবা স্বাভাবিক থাকবে। নতুন পরিচয়ের মাধ্যমে তরুণদের প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে আরও নতুন সেবা ও প্রযুক্তি আনার পরিকল্পনাও রয়েছে।

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন