এআই চশমায় থাকছে বিভিন্ন সুবিধা
স্মার্ট চশমার বাজারে এবার স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:৫৭, ২৩ জুন ২০২৬
স্মার্ট চশমার বাজারে এবার স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান
স্মার্ট চশমার বাজারে এবার যুক্ত হতে যাচ্ছে স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নতুন প্রজন্মের এআই স্মার্ট গ্লাস স্পেক্স। এতে রয়েছে অগমেন্টেড রিয়েলিটি (এআর), স্পেশাল কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়।
স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ ইনকরপোরেটেড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লং বিচে আয়োজিত স্পেশাল এআই ইভেন্টে স্পেক্স উন্মোচন করে। নতুন এই ডিভাইসের মাধ্যমে শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, ভবিষ্যত প্রযুক্তির বাজারেও বড় ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।
স্পেক্স-এর দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৯৫ ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ৬০ হাজার টাকা। চলতি বছরের ১৬ জুন থেকে শুরু হবে প্রি-অর্ডার। আগ্রহীরা ২০০ ডলার ফেরতযোগ্য ডিপোজিট দিয়ে আগাম বুকিং করতে পারবেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সে নভেম্বর বা ডিসেম্বর থেকে ডেলিভারি শুরু হওয়ার কথা রয়েছে।
স্পেক্স সাধারণ স্মার্ট চশমার মতো শুধু নোটিফিকেশন দেখা বা গান শোনার জন্য তৈরি করা হয়নি। ব্যবহারকারীর সামনে থাকা জিনিস চেনার সক্ষমতার পাশপাাশি পরিস্থিতি বুঝতে পারা এবং ভয়েস কমান্ডের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য দেয়ারও সক্ষমতা থাকছে চশমাটিতে।
স্ন্যাপ জানিয়েছে, চশমাটিতে থাকা এআই প্রযুক্তি ডিভাইসের মধ্যেই তথ্য প্রক্রিয়া করতে পারে। ফলে ব্যবহারকারীরা স্মার্টফোনের দিকে না তাকিয়েই বিভিন্ন প্রশ্নের উত্তর, পথ নির্দেশনা বা আশপাশের বিষয় সম্পর্কে তথ্য পেতে পারবেন।
এই চশমার অন্যতম বড় বৈশিষ্ট্য হলো স্পেশাল কম্পিউটিং। এর মাধ্যমে বাস্তব জগতের সঙ্গে ডিজিটাল তথ্য যুক্ত করা যাবে। অর্থাৎ ফোনের পর্দার বদলে চোখের সামনে সরাসরি ভার্চুয়াল তথ্য বা ডিজিটাল উপাদান দেখা যাবে।
স্পেক্স এ এআইকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে তুলে ধরেছে স্ন্যাপ। এতে রয়েছে কম্পিউটার ভিশন ও জেনারেটিভ এআই প্রযুক্তি, যা ব্যবহারকারীর চারপাশের পরিবেশ বুঝে ব্যক্তিগত সহায়তা দিতে পারবে।
স্মার্ট গ্লাসের বাজারে স্পেক্স এর প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে রেই-ব্যান মেটা স্মার্ট গ্লাসেস । এছাড়া গুগল, এক্সরিয়েল এবং স্যামসাং ইলেক্ট্রনিক্স -এর মতো প্রতিষ্ঠানও স্মার্ট গ্লাস প্রযুক্তি নিয়ে কাজ করছে।
স্পেক্স এ রয়েছে স্বচ্ছ এআর ডিসপ্লে, একাধিক ক্যামেরা, বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন। এটি স্ন্যাপচ্যাট, লেন্স স্টুডিও এবং এআর ডেভেলপারদের সঙ্গে কাজ করবে। অন্যদিকে, মেটার স্মার্ট গ্লাস মূলত ছবি, ভিডিও ধারণ এবং এআই সহায়তার দিকে বেশি গুরুত্ব দেয়।
স্ন্যাপ দীর্ঘদিন ধরে নিজেকে শুধু সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান নয়, বরং একটি ক্যামেরা প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরছে। প্রতিষ্ঠানটি স্পেক্স-এর মাধ্যমে ব্যক্তিগত কম্পিউটিংয়ের ভবিষ্যতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টায় ব্যস্ত।
সূত্র: টেকক্লুসিভ













