কমেছে টেলিটকের গ্রাহক
৫ মাসে জিপি, রবি ও বাংলালিংকের বেড়েছে ৪০ লাখ গ্রাহক
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:১০, ৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:০৬, ১১ আগস্ট ২০২৬
পাঁচ মাসে মোবাইল গ্রাহক বেড়েছে প্রায় ৪০ লাখ
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন এই ৫ মাসে দেশে বেড়েছে মোবাইল গ্রাহক সংখ্যা। ৫ মাসে প্রায় ৩৯ লাখের বেশি বেড়ে বর্তমানে গ্রাহক সংখ্যা ১৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার। তবে এসময় বেসরকারি মোবাইল অপারেটরদের গ্রাহক বাড়লেও কমেছে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে মোবাইল গ্রাহক বেড়েছে ৩৯ লাখ ৯০ হাজার। ফেব্রুয়ারি ও মার্চ মাসে গ্রাহক বৃদ্ধির গতি তুলনামূলক ধীর ছিল। তবে এপ্রিল থেকে জুন টানা তিন মাসে গতি ফিরে আসে গ্রাহক বৃদ্ধিতে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশে মোট সক্রিয় মোবাইল গ্রাহক ছিল ১৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার। মার্চে তা সামান্য বেড়ে ১৮ কোটি ৬০ লাখ ৬০ হাজারে পৌঁছায়। তবে এপ্রিল থেকে বাজারে প্রবৃদ্ধির গতি আরও জোরালো হয়। এপ্রিলে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮ কোটি ৭০ লাখ ৭০ হাজার। মে মাসে গ্রাহক ছিল ১৮ কোটি ৮৬ লাখ এবং সর্বশেষ জুনের পরিসংখ্যানে দেখা যায় গ্রাহক আরো বেড়ে দাঁড়ায় ১৮ কোটি ৯৮ লাখ ৩০ হাজারে।
পরিসংখ্যানে আরো দেখা যায়, পাঁচ মাসের এই প্রবৃদ্ধির বড় অংশই এসেছে দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির মাধ্যমে। জুনে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৬৫ লাখ ৯০ হাজার, যা ফেব্রুয়ারির তুলনায় ২২ লাখ ৩০ হাজার বেশি। একই সময়ে রবির গ্রাহক বেড়ে ৫ কোটি ৮৫ লাখ ৭০ হাজারে পৌঁছেছে। অর্থাৎ গ্রাহক বেড়েছে ১২ লাখ ৭০ হাজার।
অন্যদিকে, মোবাইল অপারেটর বাংলালিংকেও ধারাবাহিকভাবে বেড়েছে গ্রাহক। ফেব্রুয়ারিতে তাদের গ্রাহক ছিল ৩ কোটি ৭৩ লাখ ৫০ হাজার, যা জুনে বেড়ে ৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজারে দাঁড়িয়েছে। পাঁচ মাসে প্রায় ৫ লাখ ১০ হাজার গ্রাহক বেড়েছে প্রতিষ্ঠানটির।
এদিকে, বেসরকারি তিন মোবাইল অপারেটরের গ্রাহক বাড়লেও কমেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক। ফেব্রুয়ারিতে মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক ছিল ৬৮ লাখ ২০ হাজার। ২০ হাজার কমে জুনে গ্রাহক সংখ্যা ৬৮ লাখ ।













