হুন্দাইয়ের উচ্চতর পরীক্ষায় উত্তীর্ণ
সোডিয়াম আয়ন ব্যাটারিতে আগুন লাগার ভয় নেই, এলো নতুন প্রযুক্তি
টেক স্ক্রল
প্রকাশ: ১৩:১৪, ৩১ আগস্ট ২০২৬
ইউনিগ্রিডের সোডিয়াম আয়ন ব্যাটারি
লিথিয়াম-আয়ন ব্যাটারি সাম্প্রতিক সময়ের অন্যতম সফল প্রযুক্তি। এখন স্মার্টফোন থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত সবখানেই এর ব্যবহার চলছে। কিন্তু এই প্রযুক্তিও ত্রুটি কিংবা সীমাবদ্ধতামুক্ত নয়। লিথিয়াম-আয়ন ব্যাটারির একটি বড় নিরাপত্তা ঝুঁকি হলো থার্মাল রানঅ্যাওয়ে। যা অতিরিক্ত উত্তাপ ও অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। নেক্সট জেনারেশন কিছু ব্যাটারি প্রযুক্তি, বিশেষভাবে এই বিষয়টির ওপরই মনোযোগ দিচ্ছে। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে সোডিয়াম আয়ন ব্যাটারি। এই প্রযুক্তিটি সম্প্রতি হুন্দাইয়ের একটি বড় নিরাপত্তা পরীক্ষা উৎরে গেছে। সামগ্রিকভাবেও এ ধরনের ব্যাটারি প্রচুর সম্ভাবনা দেখাচ্ছে।
এসির দিন শেষ হতে যাচ্ছে, হাতির চামড়ার আদলে তৈরি টাইলসই ঘর ঠান্ডা রাখতে পারে
হুন্দাই, ইউনিগ্রিড এবং তাপীয় রানঅ্যাওয়ে
ইউনিগ্রিড নামের একটি মার্কিন স্টার্ট-আপ, সোডিয়াম ক্রোমিয়াম অক্সাইড সেল কেমিস্ট্রি ব্যবহার করে এক ধরনের সোডিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করেছে, যা সম্প্রতি দক্ষিণ কোরিয়ার হুন্দাইয়ের কাছ থেকে নিরাপত্তার অনুমোদন পেয়েছে।
ইউনিগ্রিডের তথ্য অনুযায়ী , হুন্দাইয়ের প্রযুক্তিগত মূল্যায়ন কর্মসূচির অধীনে পরীক্ষার পর ব্যাটারিগুলো এখন প্রযুক্তি যাচাইকরণের গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। কঠোর নিরাপত্তা পরীক্ষাগুলোয় কোনো অগ্নিকাণ্ড ঘটেনি বা তাপীয় প্রসারণও ঘটেনি।
তাছাড়া, সোডিয়াম-আয়ন এনসিও ব্যাটারিগুলো একটানা দীর্ঘ সময় ধরে ব্যবহারের পরেও ডিসচার্জ হয়েছে একেবারেই কম। একই সাথে এই ইউনিটগুলো -২০ থেকে ৬০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বিস্তৃত তাপমাত্রার পরিসরেও টিকে ছিল।
মূল পরিবর্তনটি নামেই স্পষ্ট: লিথিয়াম আয়নের পরিবর্তে সোডিয়াম আয়ন ধনাত্মক ইলেকট্রোড বা ক্যাথোড এবং ঋণাত্মক ইলেকট্রোড বা অ্যানোডের মধ্যে চলাচল করে। প্রকৃতপক্ষে, উভয় ব্যাটারি প্রযুক্তিই প্রায় একই সময় ধরে প্রচলিত, কিন্তু লিথিয়াম-আয়নের উচ্চতর শক্তি ঘনত্বের কারণেই সাম্প্রতিক বছরগুলোতে এটি জনপ্রিয়তা পেয়েছে। এখন সোডিয়াম-আয়নের প্রতিও আগ্রহ ক্রমশ বাড়ছে।
অনিয়ন্ত্রিত তাপের কারণে বিস্ফোরণ ঘটে—এই দৃষ্টিকোণ থেকে, উন্নত সুরক্ষার পাশাপাশি, আরেকটি মূল পার্থক্য হলো লিথিয়ামের তুলনায় সোডিয়াম অনেক বেশি সহজলভ্য। ক্রমবর্ধমান পরিবেশগত চাপে বিশ্ব যখন টালমাটাল, তখন এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে।








