চাপ বাড়ছে ভোক্তাদের
এআই বিস্তারে দাম বাড়ছে প্রযুক্তি পণ্যের
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ২৩:০০, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১৪:১৮, ২৯ জুন ২০২৬
এআই বিস্তারে দাম বাড়ছে প্রযুক্তি পণ্যের
বিশ্ববাজারে প্রযুক্তিপণ্যের দাম বাড়তে শুরু করেছে। মাইক্রোসফট থেকে শুরু করে অ্যাপল, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকেই ইতোমধ্যে বিভিন্ন পণ্যের মূল্য বাড়িয়েছে। আবার কিছু প্রতিষ্ঠান সামনে আরও দাম বাড়ানোর ইঙ্গিতও দিয়েছে। ব্যবসায়ীদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের ফলে চিপ, মেমোরি ও স্টোরেজের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়ছে পুরো প্রযুক্তি বাজারে। বিশ্লেষকদের আশঙ্কা, শেষ পর্যন্ত এই বাড়তি ব্যয় বহন করতে হবে ভোক্তাদেরই।
অ্যাপল ও মাইক্রোসফটের মূল্যবৃদ্ধি
সম্প্রতি অ্যাপল তাদের কয়েকটি ম্যাকবুক ও আইপ্যাডের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এর মধ্যে ১ টেরাবাইট স্টোরেজের ম্যাকবুক প্রোর দাম যুক্তরাষ্ট্রে ১ হাজার ৬৯৯ ডলার থেকে বেড়ে ১ হাজার ৯৯৯ ডলারে পৌঁছেছে। একইভাবে যুক্তরাজ্যে তুলনামূলক সাশ্রয়ী ম্যাকবুকের দাম ৫৯৯ পাউন্ড থেকে বেড়ে ৬৯৯ পাউন্ড হয়েছে।
অন্যদিকে, মাইক্রোসফট জানিয়েছে, আগামী আগস্ট থেকে এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস কনসোলের দাম আবারও বাড়ানো হবে। বেসিক সংস্করণের দাম ১০০ ডলার বেড়ে ৪৯৯ ডলার এবং বেশি স্টোরেজের সংস্করণের দাম ১৫০ ডলার বেড়ে ৭৪৯ ডলার হবে। গত এক বছরে এটি এক্সবক্স কনসোলের তৃতীয় মূল্যবৃদ্ধি। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, নতুন কনসোলের দাম গত বছরের তুলনায় প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
নিনটেন্ডো, ভাল্ভসহ অন্যরাও বাড়াচ্ছে দাম
নিনটেন্ডো জানিয়েছে, তাদের নতুন গেমিং কনসোল নিনটেন্ডো সুইচ ২-এর দামও সেপ্টেম্বর থেকে বাড়ানো হবে। একইভাবে ভাল্ভ করপোরেশন তাদের স্টিম ডেকের দামও বৃদ্ধি করেছে। প্রযুক্তি বাজার বিশ্লেষকদের মতে, শুধু একটি বা দুটি প্রতিষ্ঠান নয়, প্রায় পুরো শিল্পেই এখন একই ধরনের মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।
কেন বাড়ছে চিপ ও স্টোরেজের দাম?
প্রযুক্তি বিশ্লেষক পাওলো পেসকাতোরে বলেন, এআই প্রযুক্তি পরিচালনার জন্য বিশাল ডেটা সেন্টার নির্মাণ করা হচ্ছে। এসব ডেটা সেন্টারে বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন চিপ, র্যাম ও স্টোরেজ ব্যবহার হচ্ছে। ফলে এসব যন্ত্রাংশের চাহিদা দ্রুত বাড়লেও সরবরাহ সেই হারে বাড়ছে না। এর প্রভাব পড়ছে সেমিকন্ডাক্টর বাজারে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআই খাতে বিপুল বিনিয়োগ শেষ পর্যন্ত ভোক্তাপণ্যের দামও বাড়িয়ে দিচ্ছে।
চিপ নির্মাতাদেরও মূল্যবৃদ্ধির ইঙ্গিত
বিশ্বের অন্যতম বড় চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) জানিয়েছে, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় প্রয়োজন হলে ভবিষ্যতে চিপের দাম আরও বাড়ানো হতে পারে। একই সময়ে এআই চাহিদার কারণে বড় সুবিধা পাচ্ছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। মার্কিন সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজি জানিয়েছে, এআই খাতের চাহিদা বৃদ্ধির ফলে তাদের আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বৃদ্ধিতে স্থবিরতা
ভোক্তাদের ওপর বাড়ছে চাপ
সমালোচকদের অভিযোগ, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই খাতে বিপুল বিনিয়োগের ব্যয় শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে। তবে অনেক প্রযুক্তি ব্যবসায়ীর মতে, শুধু এআই নয়; মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাও প্রযুক্তিপণ্যের দাম বাড়ার অন্যতম কারণ। সনি ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্টও প্লেস্টেশনের মূল্য বাড়ানোর ক্ষেত্রে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেছে।
দাম আরও বাড়তে পারে
বাজার বিশ্লেষকদের ধারণা, চিপের সরবরাহ সংকট দ্রুত কাটার সম্ভাবনা কম। ফলে আগামী কয়েক বছর প্রযুক্তিপণ্যের দাম উচ্চ পর্যায়েই থাকতে পারে। এর ফলে নতুন ল্যাপটপ, গেমিং কনসোল বা অন্যান্য প্রযুক্তিপণ্য কিনতে গেমার ও প্রযুক্তিপ্রেমীদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে।
ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা
সূত্র: বিবিসি













