রোববার, ০৫ জুলাই ২০২৬

| ১৯ আষাঢ় ১৪৩৩

নৃত্য পরিবেশনে রোবট

চীনে বাড়ছে হিউম্যানয়েড রোবট ভাড়ার ব্যবসা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ০০:২১, ৫ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৩২, ৫ জুলাই ২০২৬

চীনে বাড়ছে হিউম্যানয়েড রোবট ভাড়ার ব্যবসা

চীনে বাড়ছে হিউম্যানয়েড রোবট ভাড়ার ব্যবসা

চীনের এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের পর আলোচনায় চলে আসে হিউম্যানয়েড রোবট। এরপরই দেশটিতে দ্রুত সম্প্রসারিত হতে থাকে রোবট ভাড়ার ব্যবসা। ইতোমধ্যে চীনে গড়ে উঠেছে ১ লাখ ৫৩ হাজারের বেশি রোবট ভাড়ার ব্যবসা। তবে এসব রোবট সম্পূর্ণভাবে সংক্রিয় না হওয়ায় এটি পরিচালনা করতে হচ্ছে উৎপাদনকারীদের।

চীনে আইলান নামের এক ব্যক্তি প্রায় ৩০ হাজার ডলার ব্যয়ে একটি হিউম্যানয়েড রোবট কেনেন। বর্তমানে তিনি প্রতিদিন ৩ হাজার ইউয়ানে (প্রায় ৪৪৩ ডলার) রোবটটি বিভিন্ন প্রদর্শনী, করপোরেট অনুষ্ঠান, উদ্বোধনী আয়োজন এবং বিয়ের অনুষ্ঠানে ভাড়া দিয়ে থাকেন।

সাধারণত হিউম্যানয়েড রোবট দেখতে মানুষের গঠন ও অঙ্গভঙ্গি অনুকরণ করে তৈরি করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত হওয়ায় বর্তমানে এসব রোবট ঘরের কাজ, শিল্প কারখানা ও স্বাস্থ্যসেবার কাজে ব্যবহার করা হয়।

তবে আইলান জানান, হিউম্যানয়েড রোবট এখনো পুরোপুরি স্বয়ংক্রিয় নয়। এগুলো পরিচালনার জন্য মানুষের সহায়তা প্রয়োজন হয়। তাই এসব রোবট এখনই কারখানা বা গৃহস্থালির কাজে মানুষের বিকল্প হিসেবে বিবেচনা করা বাস্তবসম্মত নয়।

এদিকে চীনা সরকার হিউম্যানয়েড রোবটকে ভবিষ্যতের অন্যতম কৌশলগত প্রযুক্তি হিসেবে বিবেচনা করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি কর্মক্ষম জনশক্তির ঘাটতি পূরণে এ খাতে বিপুল বিনিয়োগ করা হচ্ছে। সম্প্রতি বেইজিং ঘোষণা দিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ১০০টিরও বেশি খাতে হিউম্যানয়েড রোবট ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।

বিনিয়োগ প্রতিষ্ঠান মরগান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বে এক বিলিয়নের বেশি হিউম্যানয়েড রোবট ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ শিল্পের বাজারমূল্য ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে বিশ্বের প্রায় ৯০ শতাংশ হিউম্যানয়েড রোবট উৎপাদন করছে চীন। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমেও রোবট ভাড়ার বিজ্ঞাপন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনে ইতোমধ্যে ১ লাখ ৫৩ হাজারের বেশি রোবট ভাড়ার ব্যবসা গড়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির সীমাবদ্ধতা থাকলেও কাজের ক্ষেত্রে ব্যবহারের মাধ্যমে হিউম্যানয়েড রোবট আরও উন্নত হবে এবং আগামীতে এই শিল্পের সম্ভাবনা আরও বাড়বে।

সূত্র: সিএনএন

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন