নিরাপত্তা ঝুঁকির অভিযোগ
মার্কিন সরকারি সংস্থায় চীনের ডিপসিক নিষিদ্ধ
টেক স্ক্রল
প্রকাশ: ১০:৫২, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৫৮, ২১ অক্টোবর ২০২৬
চীনা এআই প্রতিষ্ঠান ডিপসিকের প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি সংস্থাগুলোর আইটি ব্যবস্থা থেকে ডিপসিকের তৈরি এআই পণ্য এবং ডিপসিক প্রযুক্তি ব্যবহার করা তৃতীয় পক্ষের সেবাগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সম্প্রতি এ নির্দেশনা জারি করে। একই সঙ্গে সরকারি সংস্থাগুলোকে ডিপসিকের পণ্য বা ডিপসিকের প্রযুক্তি ব্যবহার করে তৈরি কোনো সেবা নতুন করে সংগ্রহ না করার নির্দেশ দেয়া হয়েছে।
নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
মার্কিন সরকারের পক্ষ থেকে ডিপসিককে নিষিদ্ধ করার পেছনে জাতীয় নিরাপত্তা ও তথ্য সুরক্ষার উদ্বেগকে প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অভিযোগ, ডিপসিকের এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংবেদনশীল তথ্য চীনে স্থানান্তরের ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি মার্কিন সরকারি সংস্থা ও ব্যক্তিদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং এআই মডেলের মধ্যে সম্ভাব্য নিরাপত্তা দুর্বলতা বা ক্ষতিকর কোড ব্যবহারের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
নিষেধাজ্ঞাটি শুধু ডিপসিকের নিজস্ব সফটওয়্যারের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। অন্য কোনো প্রতিষ্ঠান তাদের সেবার মধ্যে ডিপসিকের প্রযুক্তি ব্যবহার করলে, সেই সেবার বিরুদ্ধেও সরকারি ব্যবস্থায় নিষেধাজ্ঞা কার্যকর হবে।
চীনের তীব্র প্রতিবাদ
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানকে দমন করা গ্রহণযোগ্য নয়। চীনের দাবি, ডিপসিককে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ দুই দেশের নেতাদের মধ্যে সাম্প্রতিক সমঝোতার সঙ্গেও সাংঘর্ষিক। ওয়াশিংটনকে সিদ্ধান্তটি প্রত্যাহারের আহ্বানের পাশাপাশি, প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে বেইজিং।
চীনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের এআই খাতের অগ্রগতি দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ফল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রযুক্তি বা মেধাস্বত্ব নিয়ে যেসব অভিযোগ আনা হচ্ছে, সেগুলোকেও বেইজিং অতিরঞ্জিত বলে দাবি করেছে।
যুক্তরাষ্ট্র-চীন এআই প্রতিযোগিতা আরও তীব্র
ডিপসিককে ঘিরে সাম্প্রতিক এই বিরোধ দুই দেশের চলমান প্রযুক্তি প্রতিযোগিতায় নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। উন্নত এআই মডেল, চিপ ও কম্পিউটিং অবকাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ কয়েক বছর ধরেই প্রতিদ্বন্দ্বিতা চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা ও অঙ্গরাজ্য পর্যায়েও ডিপসিক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারের বেসামরিক সংস্থাগুলোর আইটি ব্যবস্থায় ডিপসিকের ব্যবহার আরও কঠোরভাবে সীমিত হলো।
অন্যদিকে, চীনও এআইসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তির বিদেশে রপ্তানি নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। ফলে ডিপসিককে ঘিরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শুধু একটি এআই প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধের ঘটনা নয়, বরং এটি দুই দেশের বৃহত্তর প্রযুক্তি ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতারই অংশ হয়ে উঠছে।
বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তি এখন শুধু বাণিজ্যিক পণ্য নয়। জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও বৈশ্বিক প্রযুক্তিগত প্রভাবের গুরুত্বপূর্ণ অংশ।













