১ অক্টোবর থেকে নতুন সুবিধা
বাংলা কিউআরে লেনদেন হবে সস্তা, ১ অক্টোবর থেকে টাকা মিলবে তাৎক্ষণিক
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ২২:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলা কিউআরে লেনদেন হবে সস্তা, ১ অক্টোবর থেকে টাকা মিলবে তাৎক্ষণিক
বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে মার্চেন্টদের খরচ কমানোর পাশাপাশি আগামীকাল ১ অক্টোবর থেকে লেনদেনের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে জমা হবে। একই সঙ্গে দুই হাজার টাকা পর্যন্ত বাংলা কিউআর লেনদেনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, দেশের প্রায় ৩৯ লাখ মার্চেন্ট পয়েন্টে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকেরা মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ১ এপ্রিল ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব কিউআর কোডের পরিবর্তে ৩০ জুনের মধ্যে বাংলা কিউআর চালুর নির্দেশ দেয়। ১ জুলাই থেকে নিজস্ব কিউআর প্রতিস্থাপন সম্পন্ন হওয়ার পর গত ৯০ দিনে বাংলা কিউআর লেনদেনের সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। একই সময়ে লেনদেনের মোট অর্থমূল্য বেড়েছে প্রায় পাঁচ গুণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে বাংলা কিউআরে দৈনিক গড়ে প্রায় ১ লাখ লেনদেন হয়েছে, যার অর্থমূল্য ছিল ২৮ কোটির বেশি টাকা। বর্তমানে দৈনিক গড় লেনদেন বেড়ে প্রায় সাড়ে ৩ লাখে দাঁড়িয়েছে। এসব লেনদেনের অর্থমূল্য গড়ে প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।
নতুন ব্যবস্থায় ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের সব লেনদেনের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা হবে। এর আগে ছোট ও প্রান্তিক মার্চেন্টদের ক্ষেত্রে তাৎক্ষণিক অর্থ জমার সুযোগ থাকলেও বড় মার্চেন্টদের ক্ষেত্রে অর্থ জমার সময়সীমা সেবাদাতা প্রতিষ্ঠান ও মার্চেন্টের সম্পর্ক এবং সংশ্লিষ্ট ঝুঁকির ওপর নির্ভর করত।
একই দিন থেকে বাংলা কিউআর লেনদেনে অধিগ্রহণকারী প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত ন্যূনতম ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) তুলে দেওয়া হবে। পাশাপাশি ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে বাংলা কিউআর লেনদেনে মার্চেন্টদের খরচ কমবে।
এ ছাড়া জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)–এর মাধ্যমে দুই হাজার টাকা পর্যন্ত বাংলা কিউআর লেনদেনে অধিগ্রহণকারী প্রতিষ্ঠানকে ০ দশমিক ১০ শতাংশ এবং ইস্যুকারী প্রতিষ্ঠানকে ০ দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধাও ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তিতে (পিটুপি) আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনের সুবিধাও চালু হবে। গ্রাহকেরা অন্য গ্রাহকের বাংলা কিউআর স্ক্যান করে বা কিউআর কোডের ছবি আপলোড করে অর্থ পাঠাতে পারবেন।
লেনদেন ব্যর্থ হলে গ্রাহকের অর্থ তাৎক্ষণিকভাবে বা যত দ্রুত সম্ভব ফেরত দেওয়ার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ২৭ সেপ্টেম্বর জারি করা বিরোধ নিষ্পত্তির নির্দেশনায় এ বিষয়ে বিস্তারিত ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। বাংলা কিউআর লেনদেন নিয়ে কোনো সমস্যা হলে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকের ১৬২৩৬ নম্বরে অভিযোগ জানাতে পারবেন।













