চীনা প্রতিষ্ঠানের চমক
যে বৈদ্যুতিক গাড়ি মাত্র ৯ মিনিটেই ফুল চার্জ হয়
টেক স্ক্রল
প্রকাশ: ১৪:১৬, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:২২, ১৯ মার্চ ২০২৬
ডেনজা জেড-৯ জিটি
মাত্র ৯ মিনিটে চার্জ হয় বৈদ্যুতিক গাড়ি। অবিশ্বাস্য শোনালেও এটি তৈরি করেছে চীনের আলোচিত কোম্পানি বিওয়াইডির ডেনজা ব্র্যান্ড। ডেনজা জেড-৯ জিটি মডেলের এই গাড়ি চীনের বাজারে ছাড়ার পর এপ্রিল থেকে ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাবে।
উচ্চক্ষমতার চার্জিং প্রযুক্তির ডেনজার নতুন মডেলে আছে ১৫০০ কিলোওয়াট ক্ষমতার চার্জিং–ব্যবস্থা। বিওয়াইডি ফ্ল্যাশ চার্জিং নেটওয়ার্কের আওতাধীন এ প্রযুক্তি, প্রচলিত আলট্রা-ফাস্ট চার্জিং আউটলেটের চেয়ে তিন গুণের বেশি বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এতে করে মাত্র পাঁচ মিনিটে ব্যাটারির চার্জ ১০ থেকে ৭০ শতাংশে ওঠানো সম্ভব। ৯ মিনিটেই ১০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। এমনকি মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে এই সক্ষমতা কার্যকর থাকে বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান।
মার্কিন বিমান বাহিনীতে স্মার্ট গ্লাস নিষিদ্ধ কেন?
ডেনজা জেড-৯ জিটি তৈরি করা হয়েছে বিশেষভাবে তৈরি ই৩ প্ল্যাটফর্ম–এর ওপর ভিত্তি করে। গাড়িটিতে রয়েছে ১২২ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্লেড ব্যাটারি। একবার চার্জে সর্বোচ্চ প্রায় ৮০০ কিলোমিটার যাওয়া যায়। এছাড়া উচ্চক্ষমতার একটি সংস্করণও আছে। এতে তিনটি মোটর একসাথে ৯৬০ হর্সপাওয়ারের বেশি শক্তি তৈরি করে। ফলে উচ্চক্ষমতার এই সংস্করণের গাড়িটি স্থির অবস্থা থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় নেয় ৩ সেকেন্ডের কম।
ইউরোপের বাজারে গাড়িটির দাম এখনো ঠিক হয়নি। চীনে দাম শুরু হয় ৪ লাখ ৪৩ হাজার ৯০০ ইউয়ান থেকে। তবে দামের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চীনা প্রতিষ্ঠানকে। কারণ ইউরোপে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিএমডব্লিউর মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের গাড়ির সঙ্গে।
সূত্র: টেক রাডার













