তরুণদের উদ্ভাবনী প্রতিযোগিতা
প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬: সেরা ১০ দলকে পুরস্কৃত করল রবি
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১২:৫০, ৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৬, ৭ নভেম্বর ২০২৬
প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬: সেরা ১০ দলকে পুরস্কৃত করল রবি
তরুণদের মধ্যে ডেটা প্রাইভেসি ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’ প্রতিযোগিতার সেরা ১০টি দলকে পুরস্কৃত করেছে রবি আজিয়াটা পিএলসি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় রবির করপোরেট কার্যালয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে থট পুলিশ, প্রথম রানার-আপ এজেন্টওয়ান এবং দ্বিতীয় রানার-আপ সেড পিপল। বিজয়ীদের মধ্যে মোট পাঁচ লাখ টাকার পুরস্কার দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য ছিল ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সম্পর্কে সচেতনতা তৈরি এবং এ বিষয়ে নতুন ও কার্যকর সমাধান উদ্ভাবনে তরুণদের উৎসাহিত করা।
বিভিন্ন ধাপের মূল্যায়ন শেষে ২০টি দল ‘প্রাইভেসি ডিফেন্ডার’ হিসেবে নির্বাচিত হয়। এর মধ্যে সেরা ১০টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। দলগুলো হলো সিভ ভোডার্স, থট পুলিশ, এজেন্টওয়ান, সেড পিপল, সিইউ-ইটি-ই এনক্রিপটেড ওয়েভস, এইজাকমি, টিম সাদ্দু, টিম ব্ল্যাক কফি, দ্য সাইফার গার্লস এবং প্রজেক্ট রেড স্কাই।
চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, গ্রাহকের আস্থা, ব্যবসায়িক প্রয়োজন এবং নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব সমস্যার সমাধানে নিজেদের ধারণা তুলে ধরেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, তরুণেরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকুক, তা তাঁরা চান না। বরং নিজেদের উদ্ভাবনী চিন্তা ও মেধা দিয়ে ডিজিটাল নিরাপত্তার নতুন সমাধান তৈরি করুক, সেটিই প্রত্যাশা। তরুণদের এই সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশে নিরাপদ, দায়িত্বশীল ও আস্থাভিত্তিক ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সহজ হবে। ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’ তরুণদের সেই সক্ষমতা বিকাশের একটি কার্যকর উদ্যোগ।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তা নিয়ে নতুন ও কার্যকর সমাধান তৈরিতে উৎসাহিত করছে। সরকার, শিল্পখাত ও তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় দেশে আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও আস্থাভিত্তিক ডিজিটাল পরিবেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, বর্তমান ডিজিটাল অর্থনীতিতে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা শুধু নীতিগত অঙ্গীকার নয়, দীর্ঘমেয়াদি আস্থা ও টেকসই প্রবৃদ্ধিরও অন্যতম ভিত্তি। ডিজিটাল সেবার বিস্তারের সঙ্গে সঙ্গে তথ্যের দায়িত্বশীল ও নিরাপদ ব্যবস্থাপনার গুরুত্ব বাড়ছে।
বিল বেশি দিয়েও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি কম
তিনি বলেন, ‘প্রাইভেসি ফার্স্ট’ উদ্যোগ এবং ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তা নিয়ে নতুন চিন্তা এবং বাস্তবসম্মত সমাধান তৈরিতে উৎসাহিত করছে রবি। তথ্য সুরক্ষায় সচেতন, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে পারলে বাংলাদেশে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও নির্ভরযোগ্য ডিজিটাল পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব।
প্রতিযোগিতার পাশাপাশি রবির সপ্তাহব্যাপী ‘প্রাইভেসি ফার্স্ট’ উদ্যোগের আওতায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানের কর্মী, ব্যবসায়িক অংশীদার, গ্রাহকসেবা ও কল সেন্টারের কর্মী, সরবরাহকারী এবং পরিবেশকদের জন্য এসব কার্যক্রমের আয়োজন করা হয়েছে। আলোচনা, কুইজ ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ব্যক্তিগত তথ্যের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
রবির মতে, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা শুধু আইন মেনে চলার বিষয় নয়, এটি সবার দায়িত্ব। তরুণদের সম্পৃক্ত করা এবং তথ্য ব্যবহারে দায়িত্বশীলতা বাড়ানোর মাধ্যমে গ্রাহকের আস্থা শক্তিশালী করার পাশাপাশি দেশে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।













