তিনদিন চলবে প্রদর্শনী
নিরাপত্তা প্রযুক্তির উদ্ভাবন নিয়ে শুরু আন্তর্জাতিক এক্সপো
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৯:০৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা প্রযুক্তির উদ্ভাবন নিয়ে শুরু আন্তর্জাতিক এক্সপো
নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬’। দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও নিরাপত্তা বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনীতে সাইবার নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, স্মার্ট নজরদারি ও কর্মক্ষেত্রের সুরক্ষার আধুনিক প্রযুক্তি তুলে ধরা হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দ্বিতীয়বারের মতো এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রযুক্তিপণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড এবং তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এ আয়োজন করেছে। তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান বলেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন জাতীয় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সচেতনতা, নেটওয়ার্ক এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি বিদেশি নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ হাই-টেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান।
বিসিএসের মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, দেশের দ্রুত ডিজিটালাইজেশন ও শিল্পায়নের সঙ্গে নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি আরও জোরদার করা প্রয়োজন। মানুষের নিরাপত্তার পাশাপাশি তথ্য, ডিজিটাল ব্যবস্থা, ব্যবসা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষাও এখন এর অংশ।
আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, প্রদর্শনীতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনার সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্য তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপোতে শিল্প ও কর্মক্ষেত্রের নিরাপত্তার আধুনিক সমাধান প্রদর্শিত হচ্ছে।
বিসিএসের সহসভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু বলেন, স্মার্ট নজরদারি, সাইবার নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, অ্যাকসেস কন্ট্রোল ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থায় দেশে বড় সম্ভাবনা রয়েছে। তবে দক্ষ জনবলের ঘাটতি, সচেতনতার অভাব, আন্তর্জাতিক মানদণ্ডের অসম প্রয়োগ ও প্রযুক্তির ব্যয় বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিনসহ বিসিএসের নেতারা, বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন দেশ থেকে আসা প্রযুক্তি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে বিশ্বের ১০টি দেশের প্রায় ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড এবং ৫০০-এর বেশি নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। এখানে অগ্নিনিরাপত্তা প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম, স্মার্ট মনিটরিং সিস্টেম, স্মার্ট সফটওয়্যার সল্যুশনস, সাইবার নিরাপত্তা প্রযুক্তি, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), নিরাপত্তা ক্যামেরাসহ বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে।
আয়োজকেরা জানিয়েছেন, প্রদর্শনীর পাশাপাশি নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা, প্রযুক্তির ব্যবহার ও শিল্পখাতের ভবিষ্যৎ নিয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক যোগাযোগ এবং নতুন অংশীদারত্ব তৈরির সুযোগ থাকবে।
দুটি প্রদর্শনীতে বিনা মূল্যে অংশ নেওয়া যাবে। তবে দর্শনার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে।













