আটক অবৈধ চালান
কাপড়ের রোলে আনা হয়েছে ৫ কোটি টাকার মোবাইল
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৩:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৬
কাপড়ের রোলে আনা হয়েছে ৫ কোটি টাকার মোবাইল
কাপড়ের রোলের আড়ালে আনা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোনের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা। নিট ফেব্রিকস হিসেবে ঘোষণা দেওয়া চালানটি পরীক্ষা করে রেডমি, পুরোনো আইফোন ও বিভিন্ন চীনা ব্র্যান্ডের এসব মোবাইল ফোন পাওয়া যায়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট থেকে এই চালান আটক করা হয়।চালানটির আমদানিকারক হিসেবে থিয়ানিস অ্যাপারেলস লিমিটেড-এর নাম রয়েছে
প্রাথমিক গণনায় আটক মোবাইল ফোনের মধ্যে ৪৫০টি রেডমি ১৪সি, ১৫০টি রেডমি ১৫সি এবং পুরোনো আইফোন ও বিভিন্ন চীনা ব্র্যান্ডের আরও ১ হাজার ৫৫টি ফোন রয়েছে। সব মিলিয়ে চালানটিতে ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন পাওয়া গেছে।
এয়ার কার্গো সিস্টেমের তথ্য অনুযায়ী, আমদানিকারক হিসেবে থিয়ানিস অ্যাপারেলস লিমিটেড-এর নাম উল্লেখ রয়েছে। হাউস এডব্লিউবি রসিদে পণ্যের ধরন ‘নিট ফেব্রিকস’ উল্লেখ করা হয়েছে। চালানটির মোট ওজন ৮৯৫ কেজি এবং এতে ২০টি প্যাকেজ রয়েছে। চালানটি হংকং থেকে ঢাকায় আসে।
সিস্টেমের তথ্য বলছে, চালানটি আরএইচ-৬৬৫১ ফ্লাইটে গত ৩১ আগস্ট ঢাকায় পৌঁছায়। সংশ্লিষ্ট হাউস এডব্লিউবিতে শিপার হিসেবে ঝেজিয়াং শাওশিং সিনহুয়া নিটিং কোম্পানি এবং মাস্টার এডব্লিউবি-তে জানকো গ্লোবাল লজিস্টিকস লিমিটেড-এর নাম রয়েছে। ফ্রেইট ফরওয়ার্ডার হিসেবে এফ এফ কার্গো সার্ভিস-এর তথ্যও পাওয়া গেছে।
শুল্ক গোয়েন্দার প্রাথমিক তথ্য অনুযায়ী, চালানটির ঘোষণার সঙ্গে বাস্তবে পাওয়া পণ্যের বড় ধরনের অসঙ্গতি রয়েছে। এয়ার কার্গো রেকর্ডে পণ্যের ধরন হিসেবে ‘নিট ফেব্রিকস’ এবং অন্য একটি নোটে ‘পি কভার জি রোল সিআরটি’ উল্লেখ করা হলেও বাস্তবে কাপড়ের রোলের মধ্যে কৌশলে লুকিয়ে মোবাইল ফোন আনা হয়েছে বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দা সূত্র বলছে, ঘোষিত পণ্যের পরিবর্তে বা তার আড়ালে বিপুলসংখ্যক মোবাইল ফোন আনার ঘটনায় পণ্য গোপন ও মিথ্যা ঘোষণার মাধ্যমে প্রযোজ্য শুল্ক-কর ফাঁকির অভিযোগের বিষয়টি সামনে এসেছে।
তবে মোবাইল ফোনগুলোর মডেল, আইএমইআই, নতুন না পুরোনো, প্রকৃত বাজারমূল্য এবং প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণের পর এ ঘটনায় আর্থিক ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।













