কিছু অ্যাপল ভক্তের দাবি
এতোদিন কি ভুলভাবে এয়ারপড পরছেন? উল্টো করে ব্যবহারে মিলছে দুর্দান্ত অভিজ্ঞতা
টেক স্ক্রল
প্রকাশ: ২২:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৫, ২১ সেপ্টেম্বর ২০২৬
অ্যাপলের জনপ্রিয় ওয়্যারলেস ইয়ারফোন এয়ারপড কীভাবে কানে পরতে হয়, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যবহারকারী দাবি করছেন, প্রচলিত নিয়মের বদলে এই এয়ারপড উল্টো করে এবং বিপরীত কানে ব্যবহার করলে আরও ভালোভাবে আটকে থাকে। কারও কারও দাবি, এতে শব্দের মান ও বিশেষ করে বেসও ভালো শোনা যায়।
অনলাইনে এমন ব্যবহারকারীদের কেউ কেউ জানিয়েছেন, এই অবস্থানে এয়ারপড তাদের কানে তুলনামূলক ভালোভাবে বসে থাকে এবং সহজে খুলে পড়ে না। বিশেষ করে যাদের কানে স্বাভাবিকভাবে এয়ারপড ঠিকমতো স্থির থাকে না, তাদের কাছে পদ্ধতিটি আরামদায়ক মনে হতে পারে।
এসির দিন শেষ হতে যাচ্ছে, হাতির চামড়ার আদলে তৈরি টাইলসই ঘর ঠান্ডা রাখতে পারে
শব্দে কেন পার্থক্য মনে হতে পারে?
ইয়ারবাড কানের ভেতর কীভাবে বসছে, তার ওপর শব্দের অভিজ্ঞতা অনেকটাই নির্ভর করে। কানের সঙ্গে ইয়ারবাডের অবস্থান পরিবর্তন হলে কানের ভেতরে শব্দ পৌঁছানোর ধরন এবং চারপাশের শব্দ কতটা ঢুকছে, তাতেও পরিবর্তন আসতে পারে।
কিছু ব্যবহারকারী দাবি করেছেন, উল্টো করে এয়ারপড ব্যবহারে কানে আরও ভালো ‘সিল’ তৈরি হওয়ায় বেস বেশি জোরালো শোনা যায়। তবে এটি সবার ক্ষেত্রে একই ফল দেবে-এমন কোনো নিশ্চয়তা নেই। কানের গঠন এবং এয়ারপডের মডেলভেদে অভিজ্ঞতাও আলাদা হতে পারে।
সমস্যা হতে পারে কিছু ফিচারে
উল্টো করে এয়ারপড ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা হলো এর মাইক্রোফোন ও বিভিন্ন সেন্সরের অবস্থান বদলে যায়। লম্বার অংশটির ভেতরে থাকা মাইক্রোফোন সাধারণ ব্যবহারের সময় ব্যবহারকারীর মুখের দিকে থাকার জন্য নকশা করা। উল্টো করে পরলে সেটি মুখ থেকে কিছুটা দূরে সরে যায়। এতে কারো সঙ্গে ফোনে কথা বলতে সমস্যা হতে পারে।
এ ছাড়া এয়ারপড এর স্পেইশিয়াল অডিও ফিচারেও প্রভাব পড়তে পারে। কারণ ইয়ারবাড দুটি অদলবদল করে ব্যবহার করলে ডান ও বাম চ্যানেলের অবস্থান পরিবর্তিত হয়।
অ্যাপলের নির্দেশনা কী?
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই কৌশলকে অ্যাপল নির্দেশিত ব্যবহারের নিয়ম হিসেবে দেখা ঠিক হবে না। কোম্পানির নির্দেশনায় এয়ারপড কানে বসানোর পর সামান্য ঘুরিয়ে কানে ভালোভাবে ফিট করানোর কথা বলা হয়েছে, তবে স্টেম ওপরে তুলে উল্টো করে পরার কথা বলা হয়নি। অর্থাৎ, কিছু ব্যবহারকারী উল্টো করে ব্যবহারে সুবিধা পাওয়ার কথা বললেও এটি মূলত ব্যক্তিগত অভিজ্ঞতা। সবার জন্য একইভাবে শব্দের মান বা আরাম বাড়বে-এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই।













