শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

| ২ আশ্বিন ১৪৩৩

৩০ বছরে পোকেমন

পোকেমন গো-তে খেলোয়াড় ৮০ কোটির বেশি

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৬:৪২, ২ আগস্ট ২০২৬

পোকেমন গো-তে খেলোয়াড় ৮০ কোটির বেশি

পোকেমন গো-তে খেলোয়াড় ৮০ কোটির বেশি

ভিডিও গেম থেকে শুরু হয়ে আজ বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ব্র্যান্ডগুলোর একটিতে পরিণত হয়েছে পোকেমন। ৩০ বছর পূর্তি উপলক্ষে দ্য পোকেমন কোম্পানি সারা বছরজুড়ে বিশেষ আয়োজন করছে। আর ১০ বছরে ৮০ কোটির বেশি খেলোয়াড় পাওয়া পোকেমন গো-তেও থাকছে বিশেষ ইন-গেম ইভেন্ট, নতুন চ্যালেঞ্জ, বিশেষ পুরস্কার, কমিউনিটি উৎসব এবং ‘হোয়াটস ইওর ফেভারিট?’ নামে বৈশ্বিক প্রচারণা।

পোকেমনের ৩০ বছর পূর্তি উপলক্ষে দ্য পোকেমন কোম্পানি বিশ্বজুড়ে একাধিক বিশেষ আয়োজন করছে। এর মধ্যে অন্যতম হলো ‘পোকেমন গো সামার কোয়েস্ট’। ইভেন্টটি ১–২ আগস্ট এবং ৮–৯ আগস্ট ২০২৬ স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনের শোরডিচে অবস্থিত দ্য গ্রিন অ্যাট বক্সপার্কে এই আয়োজন চলছে। প্রতিদিন এখানে খেলোয়াড়রা বিনামূল্যে টাইমড রিসার্চে অংশ নিতে, বিশেষ পোকেমন ধরতে, এক্সক্লুসিভ পুরস্কার জিততে এবং বিভিন্ন কমিউনিটি চ্যালেঞ্জ ও পপ-আপ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

৩০ বছর পূর্তি উপলক্ষে ‘পোকেমন ডে আউট’ নামে আরও একটি বিশেষ আয়োজন করা হয়েছে। এর প্রথম পর্ব ২৪ থেকে ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কের পিয়ার-৬ এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর ১ ও ২ আগস্ট জার্মানির ড্রেসডেনে এবং ৮ ও ৯ আগস্ট মেক্সিকো সিটির তোরেও পারকে সেন্ট্রালে একই আয়োজন হচ্ছে। এসব অনুষ্ঠানে পরিবারভিত্তিক বিভিন্ন কার্যক্রম, ছবি তোলার বিশেষ জোন, পোকেমনভিত্তিক অভিজ্ঞতা এবং স্মারক সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত হয়েছে ‘পোকেমন গো ফেস্ট ২০২৬: গ্লোবাল’। স্থানীয় সময় প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই বৈশ্বিক আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় অনলাইনের পাশাপাশি নিজ নিজ এলাকায় অংশ নিয়েছেন।

১৯৯৬ সালে জাপানে পোকেমন রেড ও পোকেমন গ্রিন দিয়ে যাত্রা শুরু হয় পোকেমনের। ২০১৬ সালে চালু হয় পোকেমন গো, যা অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে বাস্তব পরিবেশে ভার্চুয়াল পোকেমন দেখায়। মোবাইলের জিপিএস ও ক্যামেরা ব্যবহার করে খেলোয়াড়দের পার্ক, রাস্তা কিংবা বিভিন্ন স্থানে গিয়ে পোকেমন ধরতে হয়।

জাপানি গেম ডিজাইনার সাতোশি তাজিরি পোকামাকড় সংগ্রহের শখ থেকে পোকেমনের ধারণা দেন। পরে কেন সুগিমোরি চরিত্রগুলোর নকশা তৈরি করেন। সময়ের সঙ্গে ভিডিও গেম, কার্ড, অ্যানিমেশন, সিনেমা ও মোবাইল গেম মিলিয়ে এটি বিশ্বের সবচেয়ে সফল মিডিয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর একটিতে পরিণত হয়েছে। এর মোট আয় প্রায় ১৪৭ বিলিয়ন মার্কিন ডলার।

পোকেমন গো শুধু গেম নয়, এটি মানুষকে ঘরের বাইরে এনে হাঁটতে, নতুন বন্ধু তৈরি করতে এবং পরিবারকে একসঙ্গে সময় কাটাতে উৎসাহ দেয়। বিশ্বের অধিকাংশ দেশেই গেমটি চালু রয়েছে এবং নিয়মিত বড় কমিউনিটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একই গেমে শিশু, তরুণ ও অভিভাবকদের একসঙ্গে অংশ নিতে দেখা গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন