নিবন্ধন শুরু ১ সেপ্টেম্বর
ডেটা সুরক্ষায় রবির প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতা
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:৩০, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৩৩, ৩০ আগস্ট ২০২৬
ডেটা সুরক্ষায় রবির প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতা
দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও তথ্যের গোপনীয়তা বিষয়ে সচেতনতা তৈরি করতে 'প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ নামের একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করেছে রবি আজিয়াটা পিএলসি। রবির ‘প্রাইভেসি ফার্স্ট’ উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
তরুণদের দায়িত্বশীল তথ্য ব্যবহারে উৎসাহিত করা এবং ভবিষ্যতের ডিজিটাল নেতৃত্ব গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীদের তিন সদস্যের দল গঠন করে বাস্তব জীবনের ডেটা সুরক্ষা, গ্রাহকের আস্থা এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ সম্পর্কিত বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি করতে হবে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রবির অফিসিয়াল ওয়েবসাইটে (robi.com.bd/privacy-avengers) এই প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া চালু থাকবে।
নিবন্ধিত দলগুলোকে নির্ধারিত একটি কেস বিশ্লেষণ করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রস্তাবনা বা কনসেপ্ট পেপার জমা দিতে হবে। প্রাথমিক বাছাই শেষে সেরা ২০টি দলকে ‘প্রাইভেসি ডিফেন্ডারস’ হিসেবে পরবর্তী ধাপে উন্নীত করা হবে। এদের মধ্য থেকে নির্বাচিত সেরা ১০টি দল দেশের শীর্ষস্থানীয় পেশাজীবীদের কাছ থেকে সরাসরি মেন্টরশিপ ও সার্বিক দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দলগুলো আগামী ১৩ অক্টোবর গ্র্যান্ড জুরির সামনে তাদের চূড়ান্ত সমাধান উপস্থাপন করবে। এরপর ১৫ অক্টোবর আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং তাদের ‘প্রাইভেসি গার্ডিয়ান ২০২৬’ সম্মানে ভূষিত করা হবে। এই প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর জন্য মোট ৫ লাখ টাকার পুরস্কার নির্ধারণ করা হয়েছে।













