মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

| ২৬ আশ্বিন ১৪৩৩

কৃত্রিম বুদ্ধিমত্তায় গেমিং

কোডিং ছাড়াই গেম তৈরির সুযোগ দিচ্ছে গুগল

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৩:২৮, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:১১, ১১ অক্টোবর ২০২৬

কোডিং ছাড়াই গেম তৈরির সুযোগ দিচ্ছে গুগল

কোডিং ছাড়াই গেম তৈরি সুযোগ দিচ্ছে গুগল

কোডিং না জেনেও লিখিত নির্দেশনার মাধ্যমে গেম তৈরি, খেলা ও শেয়ার করা যাবে গুগলের পরীক্ষামূলক প্ল্যাটফর্ম ‘প্লেগ্রাউন্ডে’। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী গেমের নিয়ম, চরিত্র ও পরিবেশও পরিবর্তন করতে পারবেন।

গেম তৈরির জন্য সাধারণত প্রযুক্তিগত জ্ঞান ও বিশেষায়িত সফটওয়্যার ব্যবহারের দক্ষতা প্রয়োজন হয়। প্লেগ্রাউন্ডের মাধ্যমে সেই বাধা কমিয়ে আরও বেশি মানুষের কাছে গেম তৈরির সুযোগ পৌঁছে দিতে চায় গুগল। প্ল্যাটফর্মটির কথোপকথনভিত্তিক ইন্টারফেসে ব্যবহারকারীরা নিজেদের ধারণা লিখে জানাতে পারবেন। 

তাঁরা একেবারে নতুন গেম তৈরি করতে পারবেন, আগে থেকে দেওয়া নমুনা পরিবর্তন করতে পারবেন কিংবা ধাপে ধাপে সহায়তা নিয়ে নিজেদের ধারণাকে গেমে রূপ দিতে পারবেন। তৈরি করার পরই গেমটি পরীক্ষা করে দেখার সুযোগ থাকবে।

লিখিত নির্দেশনার মাধ্যমে গেমের পদার্থবিজ্ঞানের নিয়ম, খেলার পদ্ধতি, চরিত্রের বৈশিষ্ট্য ও পরিবেশ পরিবর্তন করা যাবে। ফলে প্রাথমিক ধারণা থেকে শুরু করে গেমের বিভিন্ন দিক পরীক্ষা ও পরিমার্জন করতে পারবেন নির্মাতারা।
প্লেগ্রাউন্ডে তৈরি গেম ব্রাউজারের মাধ্যমে মোবাইল ফোন ও ল্যাপটপে খেলা যাবে। ব্যবহারকারীরা গেম ব্যক্তিগতভাবে রাখতে পারবেন, অন্যদের সঙ্গে খেলার জন্য লিংক শেয়ার করতে পারবেন কিংবা প্লেগ্রাউন্ড এক্সপ্লোর গ্যালারিতে প্রকাশ করতে পারবেন। নির্বাচিত কয়েক ধরনের গেমে একাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ এবং লিডারবোর্ডে নিজেদের অবস্থান দেখার সুবিধাও থাকবে।

প্লে গেমস প্রোফাইলের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো পরিচিতি নাম নির্ধারণ করতে পারবেন। এ ছাড়া পছন্দের গেমে লাইক দেওয়া, লিডারবোর্ডে প্রতিযোগিতা করা এবং গেম নির্মাতাদের অনুসরণ করে তাঁদের নতুন গেম সম্পর্কে জানার সুযোগ থাকবে।

গ্যালারিতে নতুন ও সৃজনশীল গেম তুলে ধরতে খেলোয়াড়দের রেটিং এবং গেম খেলার কার্যক্রম বিবেচনায় নেওয়া হবে। নিরাপত্তার জন্য প্রকাশের আগে গেমগুলো গুগলের কমিউনিটি নির্দেশিকা অনুযায়ী যাচাই করা হবে। পাশাপাশি কোনো গেম নিয়ে আপত্তি থাকলে ব্যবহারকারীরা অভিযোগ জানাতে পারবেন।

আরও উন্নত গেম তৈরির সুযোগ দিতে প্লেগ্রাউন্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ইউনিটি স্পার্ক। এর মাধ্যমে উন্নত গেম তৈরির কৌশল, উচ্চমানের ত্রিমাত্রিক গ্রাফিকস এবং ইউনিটির রানটাইম ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। এতে সাধারণ লিখিত নির্দেশনা দিয়ে গেম তৈরির কাজ শুরু করে ধাপে ধাপে আরও সমৃদ্ধ ও নিমগ্ন অভিজ্ঞতার গেম তৈরি করা সম্ভব হবে।

ইউনিটি স্পার্ক বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গুগলের পরিকল্পনা অনুযায়ী, শিগগিরই সীমিতসংখ্যক ব্যবহারকারীকে নিয়ে এর ক্লোজড বেটা পরীক্ষা শুরু হবে।

প্লেগ্রাউন্ড এখনো পরীক্ষামূলক উদ্যোগ। গেম তৈরি সহজ করা এবং সৃজনশীল ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ বাড়ানোই এর লক্ষ্য। ব্যবহারকারীদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে প্ল্যাটফর্মটি আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।

প্ল্যাটফর্মটি আপাতত যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। গুগল এআই সাবস্ক্রিপশনের বিভিন্ন স্তর অনুযায়ী গেম তৈরির সুবিধা পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। বাংলাদেশে প্ল্যাটফর্মটি কবে চালু হবে, সে বিষয়ে গুগলের ঘোষণায় কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্র: গুগল
 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন