স্বল্পতা দূর করার তাগিদ
বিশ্বে ওয়েবসাইটে বাংলা ভাষার কনটেন্ট এক শতাংশের কম
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:১০, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:১৪, ১৫ অক্টোবর ২০২৬
বিশ্বে ওয়েবসাইটে বাংলা ভাষার কনটেন্ট এক শতাংশের কম
পুরো বিশ্বের ওয়েবসাইটগুলোতে মোট কনটেন্টের মধ্যে বাংলা ভাষার কনটেন্ট এক শতাংশেরও কম। এই স্বল্পতা দূর করতে মানসম্মত বাংলা কনটেন্ট তৈরি ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, পৃথিবীতে প্রায় সাড়ে সাত হাজার ভাষা রয়েছে যার মধ্যে বাংলা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলা ভাষার উপস্থিতির দিকে তাকালে দেখা যায়, ওয়েবসাইটের মোট কনটেন্টের মধ্যে বাংলা ভাষার অংশ প্রায় দশমিক এক শতাংশ। ইন্টারনেটে বাংলা ভাষার কনটেন্টের স্বল্পতা দূর করতে আরও বেশি মানসম্মত বাংলা কনটেন্ট, ডিজিটাল সেবা ও এআইভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে।
বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী নিজেদের শিক্ষা, পেশা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকরভাবে ব্যবহার করতে পারলেই অর্থবহ সংযোগ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়ন নিশ্চিত হবে বলে জানান তিনি।
গত তিন দশকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উল্লেখ করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, দেশের নেটওয়ার্ক ও অবকাঠামো তুলনামূলকভাবে শক্তিশালী হলেও সেই অবকাঠামো কার্যকরভাবে ব্যবহার করে মানুষকে অনলাইনে যুক্ত করা এবং ইন্টারনেট ব্যবহারে সক্ষম করে তোলা বড় চ্যালেঞ্জ।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল উর রহমান (অব.) বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো, সংবেদনশীল তথ্য ও অত্যাবশ্যকীয় সেবা সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। ডিপফেক ও স্বয়ংক্রিয় ফিশিংসহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাইবার হুমকির বিষয়েও সতর্ক করেন তিনি।
সুইজারল্যান্ডের জেনেভা থেকে অনলাইনে যুক্ত হয়ে জাতিসংঘ ইন্টারনেট গভান্সের্স ফোরাম সেক্রেটারিয়েট এর ডিজিটাল পলিসি অ্যান্ড রেগুলেশন বিশেষজ্ঞ মিস আঞ্জা জেনগো (Ms. Anja Gengo) শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার বুলিং প্রতিরোধ এবং ডিজিটাল পরিসরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্যে জাতিসংঘের তথ্য সমাজ বিষয়ক গ্রুপের মাল্টি-স্টেকহোল্ডার কনসালটেশন গ্রুপ সদস্য এ. এইচ. এম. বজলুর রহমান বলেন, কার্যকর ইন্টারনেট গভর্ন্যান্সের ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা, নারী-পুরুষের সমতা নিশ্চিত করা এবং প্রযুক্তিগত অগ্রগতির সুফল সবার কাছে পৌঁছে দেওয়া জরুরি।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে ইন্টারনেট গভর্ন্যান্সের নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে ২১তম বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম-২০২৬। তিন দিনব্যাপী এই আয়োজন চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের (বিআইজিএফ) এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে মোট ১২টি অধিবেশনে নীতিনির্ধারক, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, উদ্যোক্তা এবং শিক্ষার্থীসহ দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
সরকার, শিল্পখাত, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহনশীল ডিজিটাল পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।













