মানবাকৃতির রোবট আনছে মেটা
ঘরের কাজের জন্য মানবাকৃতির রোবট তৈরি করছে মেটা, সঙ্গে চীনা প্রতিষ্ঠান
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:০০, ১ নভেম্বর ২০২৬
ঘরের কাজের জন্য মানবাকৃতির রোবট তৈরি করছে মেটা, সঙ্গে চীনা প্রতিষ্ঠান
ঘরের দৈনন্দিন কাজে মানুষের সহকারী হিসেবে কাজ করতে পারবে এমন মানবাকৃতির রোবট তৈরিতে কাজ করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এ প্রকল্পে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ফুরিয়েরের সঙ্গে যুক্ত হয়েছে তারা। ইতিমধ্যে ‘ম্যাক্স’ নামে একটি রোবটের প্রাথমিক সংস্করণ তৈরি করেছে দুই প্রতিষ্ঠান। এবার সেটির আরও উন্নত সংস্করণ তৈরির কাজ চলছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাক্স রোবটটির ওজন প্রায় ৪৮ কেজি এবং উচ্চতা দেড় মিটার। মাত্র তিন মাসের মধ্যে এর প্রথম সংস্করণ তৈরি করেছে মেটা ও ফুরিয়ের। রোবটটিতে রয়েছে এনভিডিয়ার জেটসন থর চিপ। মানুষের মুখের অভিব্যক্তি দেখানোর জন্য এতে একটি ডিসপ্লে ও বিল্ট-ইন স্পিকার যুক্ত করা হয়েছে। পাশাপাশি রয়েছে পাঁচ আঙুলের হাত, যা দিয়ে ছোটখাটো জিনিস ধরতে পারবে রোবটটি।
প্রকল্পের কাজ তদারক করতে মেটার একটি দল চীন সফর করে। প্রতিষ্ঠানটির রোবোটিকস বিভাগের পণ্যবিষয়ক ভাইস প্রেসিডেন্ট লি-চেন মিলার প্রায় দুই মাস ফুরিয়েরের সাংহাই কারখানায় কাজ করেন। গত আগস্টের শেষ দিকে মেটার অভ্যন্তরীণ রোবোটিকস সম্মেলনে কয়েকজন কর্মীর সামনে ম্যাক্সের কার্যক্ষমতা দেখানো হয়।
প্রথম সংস্করণের কাজ শেষ হওয়ার পর গত সেপ্টেম্বরে ‘ম্যাক্স ২’ তৈরির কাজ শুরু করে প্রতিষ্ঠান দুটি। নতুন সংস্করণে রোবটটির শরীরের নকশা পরিবর্তনের পাশাপাশি হাতের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে প্রজেক্টর ও আরও কিছু সেন্সর যুক্ত করা হবে। এসব সেন্সরের সাহায্যে আশপাশের পরিবেশ বুঝতে পারবে রোবটটি। পাশাপাশি সিঁড়ি দিয়ে চলাচলের সক্ষমতাও তৈরি করা হবে।
মেটার লক্ষ্য শুধু একটি মানবাকৃতির রোবট তৈরি করা নয়। প্রতিষ্ঠানটি মনে করছে, ভবিষ্যতে তাদের ‘মিউজ’ এআই এজেন্টকে বাস্তব জগতে কাজে লাগানোর একটি মাধ্যম হতে পারে এ ধরনের রোবট। এর মাধ্যমে ঘরের বিভিন্ন কাজেও মানুষের পাশে সহকারী হিসেবে থাকতে পারবে যন্ত্রটি।
এছাড়া রোবোটিকস খাতে নিজেদের সক্ষমতা বাড়াতে গত মে মাসে ‘অ্যাশিউরড রোবট ইন্টেলিজেন্স’ নামের একটি স্টার্টআপ অধিগ্রহণ করে মেটা। প্রতিষ্ঠানটি এমন এআই মডেল তৈরি করে, যা রোবটকে মানুষের আচরণ বুঝতে এবং পরিস্থিতি অনুযায়ী কাজ করতে সাহায্য করে।
তবে ফুরিয়েরের সঙ্গে মেটার এই উদ্যোগ এখনো গবেষণা ও পরীক্ষার পর্যায়ে রয়েছে। আপাতত ম্যাক্স রোবটটি বাজারে বিক্রির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: দ্য ইনফরমেশন













