খোলাসা করলেন সিইও
এআইয়ের দৌড়ে অন্ধভাবে নামতে চায় না অ্যাপল, প্রযুক্তি উদ্ভাবনে মানের ওপর জোর
টেক স্ক্রল
প্রকাশ: ২০:১১, ১ নভেম্বর ২০২৬
এআই নিয়ে প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন দ্রুত বাজার ধরার চেয়ে কার্যকর ও মানসম্মত প্রযুক্তি তৈরিকে বেশি গুরুত্ব দিতে চায় অ্যাপল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জন টার্নাসের বক্তব্যে উঠে এসেছে, এআইয়ের প্রতিযোগিতায় অংশ নেয়ার ক্ষেত্রে অ্যাপল তাড়াহুড়োয় আগ্রহী নয়।
এআই দৌঁড়ে বিশ্বসেরা হওয়ার পথে অ্যাপল কি পিছিয়ে যাচ্ছে?
কারো সঙ্গে পাল্লা নয়, ব্যবহারকারীকে অগ্রাধিকার
জন টার্নাসের মতে, শুধু নতুন প্রযুক্তি প্রচার করতে বা প্রতিযোগীদের সঙ্গে তাল মেলানোর জন্য এআই প্রযুক্তি যুক্ত করার উদ্দেশ্য হওয়া উচিৎ নয়। বরং এই প্রযুক্তি ব্যবহারকারীর কাজে কতটা সুবিধা দিতে পারছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাপল এমন প্রযুক্তি তৈরি করতে চায়, যা ব্যবহারের সময় মানুষকে আলাদাভাবে ভাবতে হবে না যে কাজটি এআইয়ের মাধ্যমে হচ্ছে, নাকি প্রচলিত সফটওয়্যারের সাহায্যে।
প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যার্ড এর সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যাপলের এআই পরিকল্পনা নিয়ে কথা বলেন টার্নাস।
তথ্য চুরিতে অ্যাপলকেই দায়ী করছে ওপেনএআই
সিরির মাধ্যমে এআই পরিকল্পনা বাস্তবায়ন
অ্যাপলের এই কৌশলের অন্যতম উদাহরণ তাদের ডিজিটাল সহকারী সিরির নতুন সংস্করণ। গত জুনে অনুষ্ঠিত ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে এআই দক্ষতাসম্পন্ন নতুন সিরির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ১৪ সেপ্টেম্বর থেকে এর বেটা সংস্করণ চালু করা হয়। নতুন সিরি ব্যবহারকারীর ব্যক্তিগত প্রেক্ষাপট বুঝতে, পর্দায় থাকা তথ্য শনাক্ত করতে, তুলনামূলক জটিল প্রশ্নের উত্তর দিতে এবং বিভিন্ন অ্যাপের মধ্যে একাধিক কাজ সম্পন্ন করতে সক্ষম হওয়ার কথা।
ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে অ্যাপল অন ডিভাইস প্রসেসিং এবং প্রাইভেট ক্লাউড কম্পিউট প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে। এ ছাড়া নতুন ফাউন্ডেশন মডেল তৈরিতে গুগলের সঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠানটি, যেখানে গুগলের জেমিনাই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এআই কি প্রচলিত অ্যাপের গুরুত্ব কমিয়ে দেবে?
প্রযুক্তি বিশ্বে এখন একটি বড় আলোচনা হলো, ভবিষ্যতে এআই এজেন্ট কি প্রচলিত অ্যাপের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে? ধারণা করা হচ্ছে, ব্যবহারকারীরা আলাদা অ্যাপ খুলে কাজ করার পরিবর্তে এআই সহকারীকে নির্দেশ দিয়েই গাড়ি বুকিং, খাবার অর্ডার কিংবা ছবি সম্পাদনার মতো কাজ করাতে পারবেন।
তবে এ সম্ভাবনাকে অ্যাপলের ভবিষ্যৎ পণ্য ও অ্যাপের অবসান হিসেবে দেখছেন না টার্নাস। তার মতে, প্রযুক্তি যত উন্নতই হোক, নতুন পণ্য তৈরি মানুষের সৃজনশীলতা ও ব্যক্তিগত আগ্রহের সঙ্গে গভীরভাবে জড়িত। অর্থাৎ, অ্যাপলের পরিকল্পনায় এআই প্রচলিত প্রযুক্তি ও পণ্যের বিকল্প হয়ে ওঠার চেয়ে সেগুলোকে আরও কার্যকর করে তোলার মাধ্যম হিসেবে কাজ করবে।













