শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

| ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

১৩ বছর পর মুক্তি পেল জিটিএ ৬, বাংলাদেশেও দেখা যাচ্ছে আগ্রহ

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ২০:৩৫, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪৩, ১৯ নভেম্বর ২০২৬

১৩ বছর পর মুক্তি পেল জিটিএ ৬, বাংলাদেশেও দেখা যাচ্ছে আগ্রহ

১৩ বছর পর মুক্তি পেল জিটিএ ৬, বাংলাদেশেও দেখা যাচ্ছে আগ্রহ

দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’র (জিটিএ) নতুন সংস্করণ ‘জিটিএ ৬’। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বজুড়ে গেমারদের জন্য উন্মুক্ত হয়েছে গেমটি। মুক্তির পর থেকেই খেলা, নতুন গেমের অভিজ্ঞতা ভাগাভাগি আর বিক্রির হিসাব নিয়ে চলছে আলোচনা

এদিকে গেমটির প্রতি বাংলাদেশের গেমারদের আগ্রহ দেখে এটি ইতোমধ্যে স্টক করেছে বিক্রেতারা। বাংলাদেশে প্লেস্টেশন ৫-এর জন্য গেমটির স্ট্যান্ডার্ড সংস্করণের দাম ১১ হাজার ৯৯৯ টাকা উল্লেখ করেছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক। তবে তাদের ওয়েবসাইটে সংস্করণটি বর্তমানে স্টক শেষ দেখাচ্ছে। অন্যদিকে, আলটিমেট সংস্করণের দাম রাখা হয়েছে ১৪ হাজার টাকা। ওয়েবসাইটে সেটি স্টকে রয়েছে বলে দেখানো হয়েছে। তবে বিক্রেতা ও সংস্করণভেদে দাম পরিবর্তন হতে পারে।

তবে গেমটি খেলতে হলে প্রয়োজন নির্দিষ্ট কনসোল। জিটিএ ৬ খেলতে প্রয়োজন প্লেস্টেশন ৫ অথবা এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস। পুরোনো প্লেস্টেশন ৪ বা এক্সবক্স ওয়ানে গেমটি চলবে না। সাধারণ উইন্ডোজ কম্পিউটারেও এখনই খেলার সুযোগ পাওয়া যাচ্ছে না। পিসি সংস্করণ কবে আসবে, সে বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

কনসোল থাকলে প্লেস্টেশন স্টোর বা এক্সবক্স স্টোর থেকে ডিজিটাল সংস্করণ কিনে ডাউনলোড করা যাবে গেমটি। চাইলে স্থানীয় বিক্রেতার কাছ থেকেও গেমটি কেনা সম্ভব। তবে কেনার আগে অ্যাকাউন্টের অঞ্চল এবং গেমের কোডের সঙ্গে সেটির সামঞ্জস্য যাচাই করা জরুরি। অন্য অঞ্চলের জন্য তৈরি কোড নিজের অ্যাকাউন্টে কাজ নাও করতে পারে।

প্লেস্টেশন স্টোরে বাংলাদেশ প্রি-অর্ডারের তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে না থাকায় বাংলাদেশের অনেক গেমারকে অ্যাকাউন্টের অঞ্চল অনুযায়ী অন্য দেশের স্টোর ব্যবহার করতে হতে পারে। তাই কোড কেনার আগে সেটি নিজের অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে কি না, বিক্রেতার কাছ থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন।

গেমটির মুক্তি ঘিরে বিশ্বজুড়েও তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের অনেক গেমার রাত জেগে গেমটি খেলেছেন। সকালে কাজে যাওয়ার তাড়া থাকলেও কেউ কেউ খেলা থামাতে পারেননি। 
এক গেমার রাত ১টা ১৩ মিনিটে নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, পাঁচ ঘণ্টা পরই তাঁকে কাজে উঠতে হবে। তারপরও দীর্ঘ অপেক্ষার পর গেমটি খেলার সুযোগ হাতছাড়া করতে চাননি। তাঁর ভাষায়, এটি একটি ‘মাস্টারপিস’।

বিচেস্টারের ৩১ বছর বয়সী অলি জর্ডান নিজের সৎছেলের সঙ্গে রাত জেগে গেমটি খেলেছেন। স্কটল্যান্ডের গ্লাসগোর ক্যামেরন টড রাত ২টা ২২ মিনিটে খেলা বন্ধ করার আগে দ্বিতীয় অধ্যায়ে পৌঁছে যান। 
অন্যদিকে নিউপোর্টের ৩২ বছর বয়সী বেথান মরগান টানা সাড়ে চার ঘণ্টা খেলার পর গেমটির গ্রাফিকস ও সংগীতের প্রশংসা করেছেন।

জিটিএ ৬-এর গল্পের পটভূমি যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডা। এর অন্যতম আকর্ষণ মায়ামি শহর থেকে অনুপ্রাণিত ভাইস সিটি। গেমটির প্রধান দুই চরিত্র লুসিয়া কামিনোস ও জেসন ডুভাল। 

ত্রিমাত্রিক উন্মুক্ত জগতের জিটিএ সিরিজে এবারই প্রথম কোনো নারী চরিত্রকে প্রধান খেলার যোগ্য চরিত্র হিসেবে যুক্ত করা হয়েছে। লুসিয়া ও জেসনের সম্পর্ক এবং অপরাধ জগতের নানা বিপদ ঘিরে এগিয়ে যাবে গল্প।

গেমটির জনপ্রিয়তার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের শেয়ারের দাম মুক্তির আগে ৬ শতাংশের বেশি বেড়েছিল। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাবে, বুধবার স্থানীয় সময় দুপুর নাগাদ গেমটির বিক্রি প্রায় ১ কোটি ৭১ লাখ কপিতে পৌঁছেছিল। 

অন্যদিকে, বিনিয়োগ প্রতিষ্ঠান ওপেনহাইমারের পূর্বাভাস অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে গেমটি থেকে প্রায় ১৮৫ কোটি ডলার আয় হতে পারে। এটি বিশ্লেষকদের অনুমান, প্রকৃত আয়ের হিসাব নয়।

গেমটির বড় আকারের ফাইল ডাউনলোড করতে গিয়ে বিভিন্ন দেশের ইন্টারনেট নেটওয়ার্কেও রেকর্ড পরিমাণ তথ্য আদান-প্রদান হয়েছে। অস্ট্রেলিয়ার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এনবিএন জানিয়েছে, গেমটির মুক্তির সময় তাদের নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৩৬ দশমিক ৫৪ টেরাবিট তথ্য আদান-প্রদান হয়েছে। 

যুক্তরাজ্যের ভার্জিন মিডিয়া ওটু এবং নিউজিল্যান্ডের কোরাসও গেমটির আগাম ডাউনলোডের সময় নেটওয়ার্কে রেকর্ড পরিমাণ তথ্য ব্যবহারের কথা জানিয়েছে।

তবে জিটিএ ৬ শিশুদের জন্য নয়। এতে সহিংসতা, রক্তপাত, অশালীন ভাষা এবং মাদক ও অ্যালকোহলের দৃশ্য রয়েছে। তাই গেমটি কেনার আগে বয়সসীমা ও বিষয়বস্তু সম্পর্কে জানা প্রয়োজন। 
 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন