এস্তোনিয়ার সাথে আলোচনা
বিপুল জনগোষ্ঠীর জন্য ডিজিটাল সেবা নিশ্চিত বড় চ্যালেঞ্জ
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:২৫, ১৮ নভেম্বর ২০২৬
বিপুল জনগোষ্ঠীর জন্য ডিজিটাল সেবা নিশ্চিত বড় চ্যালেঞ্জ
বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ, তবে প্রযুক্তির সক্ষমতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার (১৮ নভেম্বর) আইসিটি বিভাগের কার্যালয়ে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সাক্ষাতে এসব কথা বলেন মন্ত্রী।
ফকির মাহবুব আনাম বলেন, বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সরকারের রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। ওয়ান সিটিজেন ওয়ান আইডি ব্যবস্থা দ্রুত চালু করতে সরকার কাজ করছে।
বাংলাদেশে ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ (এক নাগরিক, এক পরিচয়) ব্যবস্থা চালু এবং ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) উন্নয়নে এস্তোনিয়ার সহযোগিতা চেয়েছে সরকার। নাগরিকদের জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করতে দেশটির অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা কাজে লাগাতে চায় বাংলাদেশ।
ডিজিটাল রূপান্তর, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা, সরকারি সেবার মধ্যে তথ্য আদান-প্রদান এবং তথ্যপ্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতার বিষয়গুলোকে বৈঠকে গুরুত্ব দেয়া হয়।
এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি সেবার মধ্যে তথ্য আদান-প্রদানের পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা পেয়েছেন বলে জানান মন্ত্রী।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি (e-Governance Academy) ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে এ-সংক্রান্ত একটি প্রকল্প চলছে। ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করতে প্রকল্পটি সহায়ক হবে বলে মনে করেন তিনি। এ উদ্যোগে এস্তোনিয়ার বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখারও আহ্বান জানান মন্ত্রী।
রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন বলেন, ডিজিটাল গভর্ন্যান্স ও ই-গভর্ন্যান্সে এস্তোনিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে তাঁর দেশ আগ্রহী। চলমান প্রকল্পের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলে আশা করেন তিনি। পাশাপাশি এস্তোনিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশের বাজারে কাজের সুযোগ তৈরির বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।
এস্তোনিয়ার ডিজিটাল সেবা ব্যবস্থার অন্যতম ভিত্তি আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো (ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক) । এর মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থার তথ্য ও সেবা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে। রাষ্ট্রদূত জানান, এ কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের ক্ষেত্রেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব কার্যকর হতে পারে।
বৈঠকে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ওয়ান সিটিজেন ওয়ান আইডি ব্যবস্থা এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চলমান প্রকল্পটি সহায়তা দিচ্ছে।
তিনি আরও জানান, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করেছে। জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের কাজও চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ কর্তৃপক্ষ গঠিত হলে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের শতভাগ রাজনৈতিক অঙ্গীকার রয়েছে বলেও জানান তিনি।
ডিজিটাল খাতের পাশাপাশি বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। মন্ত্রী বলেন, তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমিয়ে ওষুধ, জাহাজ নির্মাণ ও চামড়াজাত পণ্যসহ অন্যান্য খাতে রপ্তানি বাড়াতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।
বৈঠকে আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।













