৪৬ কোটি টাকার পণ্য বিক্রি
কোরিয়ান মার্টের ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়ান মার্টের ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি
অনলাইনভিত্তিক প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠান কোরিয়োন মার্ট বাংলাদেশের প্রায় ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকার ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। প্রতিষ্ঠানটির কম্পিউটার, ল্যাপটপ, কুরিয়ার সার্ভিস, নিজস্ব সফটওয়্যার ব্যবস্থা ও বিভিন্ন দলিলাদি যাচাই করে এই অনিয়মের তথ্য পাওয়া যায়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ঢাকা পশ্চিমের এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের নির্দেশনায় এবং পল্লবী বিভাগীয় কর্মকর্তার তত্ত্বাবধানে গত ২১ সেপ্টেম্বর কোরিয়োন মার্ট বাংলাদেশের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।
এসময় তথ্য পাওয়া যায়।
অভিযানের সময় প্রতিষ্ঠানে মূসক-১২.১ প্রদর্শন করে নিবারক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ল্যাপটপ, কম্পিউটার, কুরিয়ার সার্ভিস, নিজস্ব সফটওয়্যার ব্যবস্থা ও বিভিন্ন দলিলাদির তথ্য পর্যালোচনা করা হয়।
এসব তথ্য পর্যালোচনায় ভ্যাট ফাঁকির সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় বলে জানায় এনবিআর। অধিকতর যাচাইয়ের জন্য পরে মূসক-১২.৩ ইস্যু করা হয়। এর মাধ্যমে ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য দলিলাদির তথ্য পেনড্রাইভে সংরক্ষণ করে জব্দ করা হয়।
জব্দ করা তথ্য ও দলিলাদি যাচাই করে প্রতিষ্ঠানটির নিয়মবহির্ভূত মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার বিক্রয় তথ্য পাওয়া যায়। এসব বিক্রয়ের বিপরীতে ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা মূসক বা ভ্যাট পরিশোধ করা হয়নি বলে জানিয়েছে রাজস্ব কর্তৃপক্ষ।
এ ঘটনায় কোরিয়োন মার্ট বাংলাদেশে অনলাইন ভিত্তিক এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।













