নিষ্পত্তি ৮৬টি অভিযোগ
চলতি বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ১৪৭টি অভিযোগ
রিশাদ ইসলাম রাতিন
প্রকাশ: ১৪:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ১৪৭টি অভিযোগ
অনলাইন প্রতারণাসহ প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিভিন্ন ধরণের অভিযোগ জমা পড়ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে। চলতি বছরের প্রথম আট মাসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন এই বিভাগে ১৪৭টি নতুন অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ৮৬টি অভিযোগ। আর ৬১টি অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতে প্রযুক্তি সংক্রান্ত নতুন অভিযোগ জমা পড়ে ১৪টি। তবে ডিসেম্বরের ৮টি ও বর্ধিত সময়ের ২টি অভিযোগসহ জানুয়ারি মাসে মোট ২৪টি অভিযোগ বিবেচনায় ছিল। এর মধ্যে ৮টি অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এবং নিষ্পত্তি করা হয়েছে ১৩টি অভিযোগ। এসময় অভিযোগ নিষ্পত্তির হার ৮৭ দশমিক ৫ শতাংশ।
এদিকে ফেব্রুয়ারিতে বেড়েছে নতুন অভিযোগ। এসময় অভিযোগ জমা পড়েছে ২৬টি। আগের মাসের ৩টি অভিযোগসহ মোট ২৯টি অভিযোগ বিবেচনায় আসে। এ মাসে ৯টি অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। এবং নিষ্পত্তি করা হয় ৭৯ দশমিক ৩১ শতাংশ অর্থাৎ ১৪টি অভিযোগ।
তবে মার্চে নতুন অভিযোগ কমে ১০টিতে নেমে আসে। এসময় আগের মাসের ৫টি অভিযোগসহ মোট ১৫টি অভিযোগ বিবেচনায় ছিল। এর মধ্যে ৪টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো এবং ৭টি নিষ্পত্তি করা হয়। নিষ্পত্তির হার ছিল ৭৩ দশমিক ৩৩ শতাংশ।
এপ্রিলে ১৩টি নতুন অভিযোগ পাওয়া যায়। আগের মাসের ৩টি ও সময় বর্ধিত ১টি অভিযোগসহ মোট ১৭টি অভিযোগ বিবেচনায় আসে। এ মাসে ৬টি অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো এবং ৪টি নিষ্পত্তি করা হয়। নিষ্পত্তির হার ছিল ৫৮ দশমিক ৮২ শতাংশ।
এদিকে, মে মাসে নতুন অভিযোগ বেড়ে ২১টিতে দাঁড়ায়। এ মাসে আগের মাসের ৬টি অভিযোগসহ মোট ২৭টি অভিযোগ বিবেচনায় ছিল। এর মধ্যে ১৬টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। এবং নিষ্পত্তি হয় ৯টি অভিযোগ। নিষ্পত্তির হার ছিল ৯২ দশমিক ৫৯ শতাংশ।
জুনে নতুন অভিযোগ পাওয়া যায় ২৩টি। আগের মাসের ২টি অভিযোগসহ মোট ২৫টি অভিযোগ বিবেচনায় আসে। এ মাসে ৮টি অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো এবং ১৬টি নিষ্পত্তি করা হয়। নিষ্পত্তির হার ছিল ৯৬ শতাংশ, যা আট মাসের মধ্যে সর্বোচ্চ।
জুলাইয়ে ২২টি নতুন অভিযোগ পাওয়া যায়। আগের মাসের ১টি অভিযোগসহ মোট ২৩টি অভিযোগ বিবেচনায় ছিল। এর মধ্যে ৭টি অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় এবং ১৪টি নিষ্পত্তি করা হয়। নিষ্পত্তির হার ছিল ৯১ দশমিক ০৩ শতাংশ।
আগস্টে নতুন ১৮টি অভিযোগ পাওয়া যায়। আগের মাসের ২টি অভিযোগসহ মোট ২০টি অভিযোগ বিবেচনায় আসে। এর মধ্যে ৭টি অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় এবং ৯টি নিষ্পত্তি করা হয়। নিষ্পত্তির হার ছিল ৮০ শতাংশ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য মতে, অনলাইনের মাধ্যমে অভিযোগগুলো জমা পড়েছে। এর মধ্যে অনলাইন প্রতারণা এবং মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সংক্রান্ত অভিযোগ তুলনামূলক বেশি ছিল।
আরো জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া অনেক অভিযোগ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।













