বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

| ৫ কার্তিক ১৪৩৩

স্থাপন হবে ডিজিটাল ল্যাব

মধুপুরের আদিবাসী এলাকায় মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ২০:৩৫, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩৮, ২১ অক্টোবর ২০২৬

মধুপুরের আদিবাসী এলাকায় মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে

মধুপুরের আদিবাসী এলাকায় মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ ও  ডিজিটাল ল্যাব স্থাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 

বুধবার (২১ অক্টোবর) টাঙ্গাইলের মধুপুরে মধুপুর (আবিমা) গড়াঞ্চলের গারো, কোচ ও বর্মণ জাতিগোষ্ঠীর উদ্যোগে পীরগাছা থাংয়ানি ক্রেডিট প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, মধুপুরের আদিবাসী অধ্যুষিত এলাকায় ডিজিটাল ল্যাব স্থাপন, সড়ক যোগাযোগের উন্নয়ন ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।  তথ্যপ্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্র প্রসারের ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে।  

তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা ও প্রত্যাশা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে লিখিতভাবে উপস্থাপন করতে হবে। এসব তথ্য পর্যালোচনা করে তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বিষয়গুলো তুলে ধরা হবে, যাতে বাস্তবসম্মত সমাধানের পথ বের করা যায়।

আদিবাসী তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি তাঁদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি।

মন্ত্রী বলেন, জনগণের ভোট ও আস্থার মর্যাদা রক্ষায় তাঁদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আদিবাসী নেতাদের দাবি ও প্রত্যাশা সুসংগঠিতভাবে তুলে ধরার আহ্বান জানান এবং সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকেরা তাঁদের প্রথাগত রীতিতে নেচে-গেয়ে মন্ত্রীকে স্বাগত জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রার সভাপতিত্বে অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র ও জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদক, অজয় এ মৃ, আদিবাসী যুব ও ছাত্র প্রতিনিধি জুয়েল রেটিং, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গারো, কোচ ও বর্মণ জাতিগোষ্ঠীর নেতারা উপস্থিত ছিলেন।


 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন