রোববার, ১৫ নভেম্বর ২০২৬

| ২৯ কার্তিক ১৪৩৩

সর্বাধুনিক ইন্টারনেট প্রোটোকল বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ২১:৩৯, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩০, ১৪ নভেম্বর ২০২৬

সর্বাধুনিক ইন্টারনেট প্রোটোকল বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ

সর্বাধুনিক ইন্টারনেট প্রোটোকল বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ

সর্বাধুনিক ইন্টারনেট প্রোটোকল আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশে। এদেশে আইপিভি৬ ব্যবহারের হার ১৮ শতাংশ বলে জানান এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (এপিনক) মহাপরিচালক জিয়া রং। শনিবার ১৪ নভেম্বর কক্সবাজারের এক হোটেলে আয়োজিত বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) কর্মশালায় এ কথা জানান তিনি। 

কর্মশালায় এপনিকের মহাপরিচালক জিয়া রং লো বলেন, দক্ষিণ এশিয়ায় সর্বাধুনিক ইন্টারনেট প্রোটোকল আইপিভি৬ ব্যবহারের হার ৬৬ শতাংশ হলেও বাংলাদেশে এর ব্যবহার মাত্র ১৮ শতাংশ। আইপিভি৬ বাস্তবায়নে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে। সাইবার নিরাপত্তার জন্য এটি ইতিবাচক নয়। নেটওয়ার্ক নিরাপত্তা কোনো চয়েজ নয়, এটি থাকতেই হবে। 

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আযম পারভেজ বলেন, আইপিভি৬ এর কোনও বিকল্প নেই। আইএসপিএবির মাধ্যমে সারাদেশে এর ব্যবহার আরও ছড়িয়ে দেয়া প্রয়োজন। ইন্ডাস্ট্রি থেকে এ বিষয়ে কোনও প্রস্তাবনা পাওয়া গেলে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান। 

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, দেশে আইপিভি৬ ব্যবহার বাড়াতে সরকারকে উদ্যোগকে নিতে হবে। সরকার উদ্যোগে দেশে আইপিভি৬ ব্যবহার সহজ হবে। 

আইএসপিএবি, বিডিনগ ও এপনিক- এই তিন সংগঠনের সমন্বিত কাজের মাধ্যমে দেশের আইএসপি খাতকে আরও উন্নত করা সম্ভব বলেও মনে করেন তিনি।   

বিডিনগ-এর মহাসচিব বরকতুল আলম বিপ্লব জানান, এবারের কারিগরি কর্মশালায় দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ১০৫ জন প্রকৌশলী অংশ নেন। কর্মশালায় অ্যাডভান্স রাউটিং ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সিকিউরিটি এই দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। এবারের সম্মেলনে বিদেশি বক্তাদের উপস্থিতি অন্যান্যবারের তুলনায় বেশি ছিল।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার গাজী জিহাদুল কবির বলেন, দক্ষিণ এশিয়ায় ব্যান্ডউইথের ব্যবহার বাড়লেও রাজস্ব সেভাবে বাড়ছে না। দেশে এ খাতে রাজস্ব বাড়াতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। 

বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়ে গেল ১১ নভেম্বর কক্সবাজারে শুরু হয় বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) কারিগরি কর্মশালা। শনিবার (১৪ নভেম্বর) ২২তম সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় কর্মশালাটি।

সম্মেলনে নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট প্রযুক্তি এবং সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান অর্জন ও অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি দেশের ইন্টারনেট খাতের প্রকৌশলী, অপারেটর, বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন