তাপে নতুন প্রযুক্তি
এআইয়ের অতিরিক্ত তাপ হতে পারে ঘরবাড়ি উষ্ণ রাখার উৎস
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৮:৩৭, ৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৫, ৮ নভেম্বর ২০২৬
এআইয়ের অতিরিক্ত তাপ হতে পারে ঘরবাড়ি উষ্ণ রাখার উৎস
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা। এসব কেন্দ্রে কম্পিউটার ও বিশেষ প্রসেসর চালাতে বিপুল বিদ্যুৎ প্রয়োজন। কাজের সময় তৈরি হয় প্রচুর তাপ, যা সাধারণত বাইরে ছেড়ে দেওয়া হয়। তবে ডেনমার্কের প্রকৌশলীরা এবার সেই তাপ কাজে লাগানোর নতুন উপায় বের করেছেন। তাঁদের প্রযুক্তিতে ডেটা সেন্টারের অতিরিক্ত তাপ দিয়ে ঘরবাড়ি উষ্ণ রাখা সম্ভব হচ্ছে।
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে বাড়ছে এআই ডেটা সেন্টারের সংখ্যা। ছবি তৈরি, ভিডিও বিশ্লেষণ, তথ্য সংরক্ষণ কিংবা কোনো প্রশ্নের উত্তর খোঁজা প্রতিটি কাজের পেছনেই কোনো না কোনো ডেটা সেন্টারের কম্পিউটিং ক্ষমতা কাজ করে। ফলে এসব কেন্দ্রের ওপর বাড়ছে বিদ্যুতের চাপ। একই সঙ্গে বাড়ছে পানি ব্যবহার ও পরিবেশের ওপর প্রভাব।
বিশ্বে বর্তমানে ১২ হাজার ৫০০টিরও বেশি ডেটা সেন্টার রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, ২০২৪ সালে এসব কেন্দ্রে ৪৮৫ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার হয়েছে। বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ১ দশমিক ৫ শতাংশ এটি। পরিমাণটি জার্মানির এক বছরের মোট বিদ্যুৎ উৎপাদনের সমান।
আইইএর পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবহারের হার বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৩ শতাংশে পৌঁছাতে পারে। এর বড় একটি অংশ আসবে এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে।
জাতিসংঘের ইউরোপীয় অর্থনৈতিক কমিশনও সতর্ক করেছে, গুগল, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিশাল ডেটা সেন্টার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করছে।
ডেনমার্কের প্রকৌশল প্রতিষ্ঠান ড্যানফস উন্নত তরল শীতলীকরণ প্রযুক্তির মাধ্যমে ডেটা সেন্টারের অতিরিক্ত তাপ সংগ্রহ করছে। দক্ষিণ ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের 'বিটেন' সুপারকম্পিউটারে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ২০২৬ সালের মে মাসে চালু হওয়া এই সুপারকম্পিউটারটি এআই গবেষণা ও জটিল বৈজ্ঞানিক বিশ্লেষণে ব্যবহৃত হয়।
এআইয়ের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত শিক্ষায় অগ্রাধিকার
সুপারকম্পিউটারের প্রসেসরে বিশেষ তরল কুল্যান্ট প্রবাহিত করে তাপ সংগ্রহ করা হয়। পরে সেই তাপ গরম পানির মাধ্যমে সন্ডারবর্গ শহরের কেন্দ্রীয় তাপ সরবরাহ ব্যবস্থায় পাঠানো হয়। এতে শহরের প্রায় ৭৫ হাজার বাসিন্দার ঘরবাড়ি গরম রাখতে সহায়তা মিলছে। ড্যানফসের প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান স্ট্র্যান্ড জানান, ডেটা সেন্টারের এই অতিরিক্ত তাপ ঘরবাড়ি গরম করার পাশাপাশি শিল্পকারখানাতেও ব্যবহার করা সম্ভব।
ডেনমার্কের সন্ডারবর্গ হাসপাতালেও চালু হয়েছে একই ধরনের প্রযুক্তি। এমআরআই স্ক্যানার ও হাসপাতালের বিভিন্ন যন্ত্র থেকে তৈরি হওয়া তাপ সংগ্রহ করে হিট পাম্পের মাধ্যমে পুনরায় ব্যবহার করা হচ্ছে। ফলে হাসপাতালটি বছরের নয় মাস নিজস্বভাবে প্রয়োজনীয় তাপের চাহিদা মেটাতে পারছে। প্রকল্পের খরচ দুই বছরের মধ্যে উঠে আসবে বলে জানিয়েছেন হাসপাতালের কারিগরি সেবাপ্রধান লাসে রোজ মাডসেন।
ড্যানফসের হিসাব অনুযায়ী, ইউরোপে এক বছরে অপচয় হওয়া অতিরিক্ত তাপ দিয়ে প্যারিস শহরকে ৪৮ বছর গরম রাখা সম্ভব। ডেনমার্কের ওডেন্স শহরে মেটার একটি ডেটা সেন্টার বছরে প্রায় ১০০ গিগাওয়াট-ঘণ্টা তাপ পুনরুদ্ধার করে, যা প্রায় ৬ হাজার ৯০০টি বাড়ির জন্য যথেষ্ট। সুইডেনের স্টকহোমেও ২০১৪ সাল থেকে ডেটা সেন্টারের অতিরিক্ত তাপ ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে প্রায় চার হাজার ডেটা সেন্টার থাকলেও সেখানে তাপ পুনরুদ্ধারের ব্যবস্থা সীমিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জান রোজেনোর মতে, যেসব এলাকায় এই তাপ ব্যবহার করা সম্ভব, সেখানেই ডেটা সেন্টার স্থাপন করা উচিত।
বিশেষজ্ঞদের ধারণা, এ প্রযুক্তির ব্যবহার বাড়লে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, বিদ্যুতের অপচয় ও কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে। ফলে এআইয়ের তৈরি অতিরিক্ত তাপই ভবিষ্যতে হয়ে উঠতে পারে জ্বালানির নতুন উৎস।
বিল বেশি দিয়েও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি কম
সূত্র: আল জাজিরা













