দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব
এআইয়ের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত শিক্ষায় অগ্রাধিকার
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:৩৫, ৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩৩, ৮ নভেম্বর ২০২৬
এআইয়ের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত শিক্ষায় অগ্রাধিকার
চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ।
রোববার ৮ নভেম্বর রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত 'আইডিইবি'র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস'-এর আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান।
নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। প্রকৌশলীদের জন্য যুগোপযোগী ও মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা এবং এই ধরনের কারিগরি প্রশিক্ষণ কেবল ঢাকা কেন্দ্রিক না রেখে দ্রুত বিভাগীয় ও জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলারের চুক্তি
তৃণমূল পর্যায় পর্যন্ত আধুনিক প্রশিক্ষণের সুযোগ বিস্তৃত করা গেলে সামগ্রিকভাবে দক্ষ জনশক্তি গড়ে উঠবে, যার সুফল ভোগ করবে প্রতিটি পরিবার তথা সমগ্র দেশ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। আমরা নিজেদের মধ্যে কোনো প্রকার অনৈক্য বা বিভেদ সৃষ্টি করতে চাই না এবং কাউকে সেই সুযোগ তৈরি করতেও দিতে চাই না। সবাইকে সঙ্গে নিয়েই একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ কবীর হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা প্রকৌশলী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।













