মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব
ফেসবুক, গুগল ও টিকটকের বিরুদ্ধে মামলা
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১২:৫৪, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৫৬, ১১ আগস্ট ২০২৬
ফেসবুক, গুগল ও টিকটকের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের আসক্ত করে তোলার অভিযোগে করা ৩ হাজারের বেশি মামলা এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে। আদালতের এই সিদ্ধান্তে মেটা, গুগল, টিকটক ও স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখন আরও বড় আইনি পরীক্ষার মুখে পড়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা ও তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির প্রশ্নও সামনে এসেছে।
সান ফ্রান্সিসকোর নবম সার্কিট আপিল আদালত মেটা ও টিকটকের আবেদন খারিজ করে ৩ হাজারের বেশি মামলা এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে। প্রতিষ্ঠান দুটি এসব মামলা বন্ধ বা স্থগিত করতে চেয়েছিল।
আদালত জানিয়েছে, যোগাযোগ শালীনতা আইনের ২৩০ ধারা অনলাইন প্রতিষ্ঠানের জন্য কিছু আইনি সুরক্ষা দিলেও, তাদের পণ্য কীভাবে তৈরি ও পরিচালনা করা হয়েছে, সে বিষয়ে অভিযোগ থেকে পুরোপুরি দায়মুক্তি দেয়া হয়নি।
এদিকে মেটার বিরুদ্ধে ২৯টি অঙ্গরাজ্যের করা মামলার বিচারও শুরু হচ্ছে। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, মেটা শিশুদের তথ্য ব্যবহার করেছে এবং তরুণদের দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ধরে রাখার মতো ব্যবস্থা তৈরি করেছে। পাশাপাশি প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়েও ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে।
মেটা এই বিচার পিছিয়ে দিতে চেয়েছিল। আদালত সেই আবেদনও নাকচ করেছে। আগামী বুধবার থেকে মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রে অভিভাবক, বিদ্যালয়, বিভিন্ন অঙ্গরাজ্য ও ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একই ধরনের মামলা করেছেন। অভিযোগ, শিশু-কিশোরদের বেশি সময় প্ল্যাটফর্মে রাখতে এসব মাধ্যম এমনভাবে তৈরি করা হয়েছে, যা আসক্তি তৈরি করতে পারে। এর সঙ্গে হতাশা, উদ্বেগ ও নিজের চেহারা নিয়ে নেতিবাচক ধারণার কথাও মামলাগুলোতে বলা হয়েছে।
এদিকে, ক্যালিফোর্নিয়ার একটি আদালতে একই ধরনের প্রায় ৩ হাজার ৩০০ মামলা একসঙ্গে চলছে। এর বাইরে বিভিন্ন অঙ্গরাজ্যেও আরও মামলা রয়েছে।
এর আগে মার্চে ক্যালিফোর্নিয়ার একটি মামলায় মেটা ও গুগলকে তরুণদের ক্ষতি করতে পারে এমনভাবে সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির জন্য দায়ী করা হয়। ওই মামলায় ইনস্টাগ্রাম আসক্ত এক তরুণীকে ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সম্প্রতি নিউ মেক্সিকোর একটি আদালতও মেটার বিরুদ্ধে রায় দিয়েছে। আদালত কিশোরদের মানসিক স্বাস্থ্য তহবিলে ৫৬ কোটি ৭০ লাখ ডলার দেওয়ার পাশাপাশি তরুণদের নিরাপত্তায় নতুন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
তবে মেটা ও গুগল এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠান দুটি আগের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের এসব মামলার ফল অন্য দেশেও প্রভাব ফেলতে পারে। শিশুদের নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নতুন নিয়ম তৈরির চাপ বাড়তে পারে।
সূত্রঃ রয়টার্স













