নির্বাচনের প্রস্তুতি শুরু
দুই দিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করবে ই-ক্যাব
গাজী তানজীর আহমেদ
প্রকাশ: ১৫:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করবে ই-ক্যাব
দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকলেও আবার সচল হতে যাচ্ছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। তিন মাসের মধ্যে নির্বাচন কাজ সম্পন্ন করার জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে সংগঠনটি। নব্য পুনর্গঠিত নির্বাচন ও আপিল বোর্ড আগামী দুইদিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করবে বলেও জানায় ই-ক্যাব।
নতুন তরুণ উদ্যোক্তাদের ই-কমার্স ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন করে থাকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। ই-কমার্স ব্যবসায়ীদের সাথে সারাদেশের সংযোগ তৈরির পাশাপাশি অভিযোগের ভিত্তিতে অসাধু ব্যবসায়িদের সম্পর্কেও প্রশাসনকে অবহিত করে থাকে ই-ক্যাব।
তবে ২০২৪ সালের পর অনেকটাই থেমে যায় সংগঠনটির কার্যক্রম। এর মধ্যে ২০২৫ সালে নির্বাচন নিয়ে আইনি জটিলতার কারণে গঠিত নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের কার্যক্রম নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। তবে কয়েকদিন আগে নির্বাচন নিয়ে রিট পিটিশন নিষ্পত্তি করেছে হাইকোর্ট।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) অফিস সচিব ও মহাব্যবস্থাপক এস. এম. ইকরামুল হক টেকস্ক্রলকে জানান, পিটিশন নিষ্পত্তি হওয়ায় নির্বাচনে এখন আর বাধা নেই। তবে হাইকোর্ট ৯০ দিনের মধ্যে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার আদেশ দিয়েছেন।
এরইমধ্যে ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আয়োজনের জন্য পুনর্গঠন করা হয়েছে নির্বাচন ও আপিল বোর্ড। এই বোর্ড আগামী দুইদিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করবে। প্রাথমিকভাবে পরিচালক নির্বাচন সম্পন্ন হওয়ার পর তাদের মাধ্যমে সভাপতি ও সহসভাপতি নির্বাচনও সম্পন্ন হবে বলেও জানান তিনি।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও শাখার উপসচিব শরীফ মোস্তাফিজুর রহমানকে। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন পরিকল্পনা শাখা-১-এর উপসচিব ফিরোজ আল মামুন এবং এফটিএ-৪-এর উপনিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম।
অন্যদিকে, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে যুগ্মসচিব সুফিয়া আক্তার রুমীকে। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন যুগ্মসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান।
গেল বছর ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আয়োজনের কথা থাকলেও সুষ্ঠুভাবে নির্বাচন বোর্ড গঠন হয়নি বলে অভিযোগ উঠে। সংগঠনটির সদস্য মাস্টার ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির কর্ণধার মো. আনোয়ার সাদাত বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত পূর্বের নির্বাচন ও আপিল বোর্ড এবং সংশোধিত নির্বাচনী তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।
এসময় প্রাথমিক শুনানির পর হাইকোর্ট পূর্বের নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করার পাশাপাশি রুল জারি করেন। তবে চলতি বছরের সেপ্টেম্বরে রিটটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেয় হাইকোর্ট।













