যুক্তরাষ্ট্রে মামলা
শিশুদের ক্ষতির অভিযোগে ১৮ বিলিয়ন ডলার দিতে রাজি মেটা
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৩:১০, ২৭ আগস্ট ২০২৬
শিশুদের ক্ষতির অভিযোগে ১৮ বিলিয়ন ডলার দিতে রাজি মেটা
শিশু ও কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাবের অভিযোগে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা মামলার নিষ্পত্তিতে সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতার আওতায় দেওয়া অর্থ তরুণদের অনলাইন নিরাপত্তা বাড়ানোর উদ্যোগসহ অঙ্গরাজ্যগুলোর বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে।
এই চুক্তির ফলে কিশোর ব্যবহারকারীদের জন্য মেটাকে কিছু নতুন নিয়মও চালু করতে হবে। এর মধ্যে প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময়সীমা নির্ধারণ এবং রাতে নির্দিষ্ট সময় প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা রয়েছে।
মেটার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল ২০২৩ সালে। অভিযোগ ছিল, শিশুদের গোপনীয়তা সুরক্ষায় থাকা ফেডারেল ও অঙ্গরাজ্যের বিভিন্ন আইন লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মগুলো। অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে মেটা।
বিবিসির প্রযুক্তি ও এআই সম্পাদক জো ক্লেইনম্যানের মতে, মেটার এই সমঝোতায় পৌঁছানো কিছুটা বিস্ময়কর। কারণ, শিশুদের নিরাপত্তা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে একাধিক মামলায় আইনি লড়াই চালিয়ে আসছিল।
তবে চুক্তিটি এখনো আদালতের চূড়ান্ত অনুমোদন পায়নি। বিচারক গনজালেজ রজার্স অবশ্য জানিয়েছেন, সমঝোতাটি অনুমোদনের সম্ভাবনাই বেশি।
মেটার পক্ষ থেকে চুক্তিতে একটি শর্তও রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, ১৮ বিলিয়ন ডলারের ৩০ শতাংশ অর্থ ছাড়ের আগে ইউটিউব ও টিকটককেও একই ধরনের শিশু সুরক্ষা ব্যবস্থা চালু করতে হবে।
মেটার এই শর্ত নিয়ে এখনো ইউটিউব ও টিকটকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি এখন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।













