কমছে সেবার সুবিধা
ইইউর জরিমানা এড়াতে ইউরোপে গুগল সার্চে বড় পরিবর্তন
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:০৬, ৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০৫, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইইউর জরিমানা এড়াতে ইউরোপে গুগল সার্চে বড় পরিবর্তন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনের নির্দেশ মেনে চলতে ইউরোপে গুগলের তথ্য দেখানোর নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। গুগল জানিয়েছে, নতুন এই নিয়মের ফলে সাধারণ মানুষের জন্য গুগলে যেকোনো তথ্য খুঁজে পাওয়া আগের চেয়ে কিছুটা কঠিন হতে পারে। পাশাপাশি, ইউরোপের স্থানীয় ব্যবসাগুলোর গ্রাহক পাওয়ার ব্যয়ও আগের তুলনায় বেড়ে যেতে পারে।
গুগলের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনটির ২৯ বছরের ইতিহাসে সেবার মানের দিক থেকে এটি সবচেয়ে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় হোটেল, এয়ারলাইন ও রেস্তোরাঁসহ বিভিন্ন খাতের মূল্য তুলনাকারী ওয়েবসাইট বা ভার্টিক্যাল সার্চ সার্ভিসেস (ভিএসএস) বেশি গুরুত্ব পাবে।
এক্সপিডিয়া ও বুকিং ডটকমের মতো প্রতিষ্ঠান সার্চ ফলাফলে বেশি দৃশ্যমান হবে। অন্যদিকে, শুধু নিজেদের ওয়েবসাইটের লিংক, ফোন নম্বর ও ঠিকানা দেওয়া প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম গুরুত্ব পাবে।
পরিবর্তিত ব্যবস্থায় সার্চ ফলাফলের শীর্ষে একটি বিশেষায়িত সার্চ সেবা দেখানো হবে। এরপর আরও দুটি সার্চ সেবা তুলনামূলক কম তথ্যসহ থাকবে। হোটেল, এয়ারলাইন ও রেস্তোরাঁর ক্ষেত্রে নিচে একটি ক্যারোসেল থাকবে। সেখানে তাৎক্ষণিক মূল্যসহ কিছু তথ্য বাদ দেওয়া হবে। কোন প্রতিষ্ঠান কতটা ওপরে থাকবে, তা নির্ধারণ করবে গুগলের অ্যালগরিদম।
গুগলের জ্ঞান ও তথ্যবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নিক ফক্স বলেন, ডিজিটাল মার্কেট অ্যাক্টের (ডিএমএ) শর্ত পূরণ করতেই এ পরিবর্তন আনা হয়েছে। তার দাবি, এতে কমে আসবে ব্যবহারকারীদের সুবিধা। এবং স্থানীয় ব্যবসার তুলনায় অনলাইন মধ্যস্থতাকারীরা সুবিধা পাবে। তবে ইইউর বাইরের ব্যবহারকারীরা এর প্রভাবের মুখে পড়বেন না।
জুলাইয়ে নিজেদের সেবাকে সার্চে অগ্রাধিকার দেওয়ার অভিযোগে গুগলকে ৪৬০ মিলিয়ন ইউরো জরিমানা করে ইইউ। একই মাসে অ্যাপ নির্মাতাদের অন্য প্ল্যাটফর্মে কম দামের অফারের দিকে ব্যবহারকারী নেওয়ার সুযোগ সীমিত করার অভিযোগে আরও ৪৩০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়।
৪৬০ মিলিয়ন ইউরোর জরিমানার পর গুগলকে ডিএমএ মানতে ৬০ দিন সময় দেয় ইউরোপীয় কমিশন। তা না হলে বিশ্বব্যাপী বার্ষিক আয়ের সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত নিয়মিত জরিমানা হতে পারে। প্রায় দুই দশকের বিরোধে গুগলের ওপর ইইউর মোট জরিমানা এখন ১০ দশমিক ৩৮ বিলিয়ন ইউরো।
গুগল জানিয়েছে, আগের পরিবর্তনের ফলে ইউরোপীয় ব্যবসাগুলোর সরাসরি বুকিং ট্রাফিক ৩০ শতাংশ কমেছিল। লাখ লাখ ব্যবহারকারীর ওপর পরীক্ষা চালিয়ে নতুন ব্যবস্থায় ব্যাপক অসন্তোষের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। কাঙ্ক্ষিত তথ্য পেতে অনেক ব্যবহারকারীকে সার্চের প্রশ্ন আবার লিখতে হচ্ছে।
এদিকে, ডিএমএ মেনে চলতে গুগল তাদের ‘এক্সটার্নাল অফারস প্রোগ্রাম’ হালনাগাদ করেছে। গত বছরের আগস্টে অ্যাপ নির্মাতাদের শর্তেও পরিবর্তন আনা হয়। এতে নির্মাতারা সহজে গ্রাহকদের অন্য চ্যানেলে নিতে এবং ফি নেওয়ার পদ্ধতি বেছে নিতে পারেন।
ইইউর জরিমানার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কোম্পানিগুলোকে ইইউ লুটে নিচ্ছে অভিযোগ করে তিনি তদন্ত শুরুর হুমকিও দিয়েছেন।
সূত্র: রয়টার্স













