ফিচার পরিবর্তনের দাবি
শিশুদের নিরাপত্তা নিয়ে চাপে মেটা, বদলাতে পারে ফেসবুক-ইনস্টাগ্রাম
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৩:৪৫, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৫৯, ১৭ আগস্ট ২০২৬
শিশুদের নিরাপত্তা নিয়ে চাপে মেটা, বদলাতে পারে ফেসবুক-ইনস্টাগ্রাম
শিশু ও কিশোরদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের মামলায় বড় ধরনের চাপে পড়েছে মেটা। মামলায় হেরে গেলে কিশোরদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামের লাইক সংখ্যা, স্বয়ংক্রিয় ভিডিও চালু এবং অসীম স্ক্রলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা বদলাতে হতে পারে।
মঙ্গলবার, ১৮ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মামলাটির বিচার শুরু হওয়ার কথা। অঙ্গরাজ্যগুলো অভিযোগ করেছে, শিশুদের গোপনীয়তা রক্ষায় মেটা বিভিন্ন আইন লঙ্ঘন করেছে। মামলায় অঙ্গরাজ্যগুলো মেটার কাছ থেকে এক ট্রিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণও দাবি করেছে।
মামলায় ফেসবুক ও ইনস্টাগ্রামে কিশোর ব্যবহারকারীদের বয়স যাচাই, অভিভাবকের অনুমোদন, সুপারিশ ব্যবস্থা পরিবর্তন এবং একাধিক হিসাব খোলার সুযোগ বন্ধের দাবি রয়েছে। একই সঙ্গে স্বয়ংক্রিয় ভিডিও চালু, চেহারা পরিবর্তনকারী বিভিন্ন ইমেজ ফিল্টার এবং সাময়িক পোস্টের মতো কিছু সুবিধা পরিবর্তন বা বন্ধ করার কথাও বলা হয়েছে।
অঙ্গরাজ্যগুলোর দাবি, এসব সুবিধা ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখার জন্য তৈরি। বিশেষ করে শিশু ও কিশোরদের বারবার অ্যাপে ফিরিয়ে আনতে ঘন ঘন নোটিফিকেশন পাঠানোসহ বিভিন্ন কৌশল ব্যবহার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, শিশুদের লক্ষ্য করে মেটা তাদের প্ল্যাটফর্মের প্রতি আসক্ত করে তুলতে তাদের শোষণ করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো এবং ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করা হয়েছে বলে দাবি অঙ্গরাজ্যগুলোর।
মেটা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তরুণ ব্যবহারকারীদের সহায়তা ও নিরাপত্তাকে তারা দীর্ঘদিন ধরে গুরুত্ব দিয়ে আসছে।
এর আগে নিউ মেক্সিকোর একটি মামলায় মেটার বিরুদ্ধে মোট ৯৪ কোটি ২০ লাখ ডলারের আর্থিক দায় নির্ধারণ করা হয়। এর মধ্যে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা এবং পরে আরও ৫৬ কোটি ৭০ লাখ ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই মামলায় ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য লাইক সংখ্যা বন্ধ, কিশোরদের মধ্যে নগ্ন ছবি আদান-প্রদানে নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট সময়ে পুশ নোটিফিকেশন সীমিত করার নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশেও শিশু-কিশোরদের মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহার বাড়ছে। যুক্তরাষ্ট্রের মামলায় মেটাকে বড় পরিবর্তন আনতে হলে ভবিষ্যতে এসব প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা ও কিশোরদের জন্য তৈরি সুবিধাগুলো বিশ্বজুড়ে বদলানোর চাপ তৈরি হতে পারে।
লাইক, স্বয়ংক্রিয় ভিডিও ও সুপারিশ ব্যবস্থা বদলালে বাংলাদেশি তরুণ ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতাতেও প্রভাব পড়তে পারে। একই সঙ্গে শিশুদের অনলাইন নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি বাংলাদেশেও আরও গুরুত্ব পেতে পারে।
সূত্র: বিবিসি













