রোববার, ১৫ নভেম্বর ২০২৬

| ২৯ কার্তিক ১৪৩৩

এআইনির্ভর কেনাকাটায় নতুন উদ্যোগ

কেনাকাটা থেকে পেমেন্ট, সব সেবা দিবে চ্যাটজিপিটি ওয়ালেট

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:৫২, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫৮, ১৪ নভেম্বর ২০২৬

কেনাকাটা থেকে পেমেন্ট, সব সেবা দিবে চ্যাটজিপিটি ওয়ালেট

কেনাকাটা থেকে পেমেন্ট, সব করবে চ্যাটজিপিটি ওয়ালেট

অনলাইনে পণ্য খোঁজা, পছন্দের জিনিস নির্বাচন থেকে শুরু করে কেনাকাটা ও পেমেন্ট ব্যবহারকারীর হয়ে এসব কাজ করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট। এ সুবিধা দিতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ চালু করেছে ওপেনএআই। নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীর প্রকৃত ব্যাংক কার্ডের তথ্য ছাড়াই লেনদেন করতে পারবে এআই এজেন্ট। তবে প্রতিটি কেনাকাটার আগে ব্যবহারকারীর অনুমোদন নিতে হবে।

১৩ নভেম্বর প্রকাশিত এক ঘোষণায় ওপেনএআই জানায়, আমেরিকান এক্সপ্রেস, মাস্টারকার্ড ও ভিসার সঙ্গে অংশীদারত্বে চ্যাটজিপিটি ওয়ালেট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে ১৮ বছর বা তার বেশি বয়সী চ্যাটজিপিটি প্রো গ্রাহকেরা ডটস (Dots) প্ল্যাটফর্মের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে ১২০ কোটির বেশি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। তাঁদের অনেকেই পণ্যের তথ্য জানা, দাম ও বৈশিষ্ট্য তুলনা এবং কেনাকাটার সিদ্ধান্ত নিতে এই এআই সহকারীর সাহায্য নেন। নতুন ওয়ালেটের মাধ্যমে এবার সেই কেনাকাটা ও মূল্য পরিশোধের কাজও এআই এজেন্টের হাতে দেওয়া যাবে।

চ্যাটজিপিটি ওয়ালেট ব্যবহার করতে প্রথমে নিজের পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এরপর এআই এজেন্ট কেনাকাটার প্রস্তুতি সম্পন্ন করলে ব্যবহারকারীকে পণ্যের বিবরণ, মোট দাম এবং কোন কার্ড থেকে টাকা কাটা হবে, তা দেখাবে। সবকিছু যাচাই করে ফেস আইডি বা আঙুলের ছাপের মাধ্যমে অনুমোদন দিলেই লেনদেন সম্পন্ন হবে। প্রতিটি অনুমোদিত কেনাকাটার রেকর্ডও থাকবে।

কার্ডের তথ্য সুরক্ষায় সরাসরি নম্বর ব্যবহারের পরিবর্তে পেমেন্ট টোকেন তৈরি করবে সংশ্লিষ্ট পেমেন্ট নেটওয়ার্ক। এতে বিকল্প কার্ড নম্বর, নিরাপত্তা কোড ও মেয়াদসংক্রান্ত তথ্য থাকবে। এই টোকেনের মাধ্যমেই ব্যবহারকারীর নির্ধারিত কার্ড থেকে টাকা কাটা হবে। ফলে তাঁর প্রকৃত কার্ডের তথ্য চ্যাটজিপিটি ওয়ালেট, এআই এজেন্ট কিংবা বিক্রেতা প্রতিষ্ঠানের কাছে প্রকাশ পাবে না।

নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা কার্ডের প্রচলিত পুরস্কার ও অন্যান্য সুবিধাও পাবেন। পণ্য ত্রুটিপূর্ণ হওয়ার মতো কারণে বিক্রেতার সঙ্গে বিরোধ দেখা দিলে যোগ্য ক্ষেত্রে কার্ডের বিদ্যমান সুরক্ষাসুবিধা বহাল থাকবে। তবে পণ্যের দাম নির্ধারণ, সরবরাহ, ফেরত নেওয়া ও বিক্রয়-পরবর্তী সেবার দায়িত্ব বিক্রেতা প্রতিষ্ঠানের কাছেই থাকবে।

ভবিষ্যতে এআই এজেন্টকে আরও বেশি কেনাকাটার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে ওপেনএআই। সে ক্ষেত্রে ব্যবহারকারীরা কত টাকা খরচ করা যাবে, কী ধরনের পণ্য কেনা যাবে এবং কোন সময়ের মধ্যে কেনাকাটা করতে হবে, তা আগে থেকেই নির্ধারণ করে দিতে পারবেন। নির্ধারিত শর্ত ও আগাম অনুমোদনের ভিত্তিতে এআই এজেন্ট নিজেই কেনাকাটা সম্পন্ন করতে পারবে। এ ব্যবস্থায় বাড়তি নিরাপত্তা ও লেনদেনের অনুমোদনের রেকর্ড রাখার ব্যবস্থাও থাকবে।

এদিকে এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটার জন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকেও প্রস্তুত করতে চায় ওপেনএআই। এ লক্ষ্যে ‘কমার্স পার্টনার প্লেবুক’ নামে একটি নির্দেশিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে ওয়েবসাইটে পণ্যের বিবরণ, দাম ও মজুতের তথ্য হালনাগাদ রাখা এবং বৈধ এআই এজেন্টের প্রবেশ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এআই এজেন্টের মাধ্যমে করা বৈধ লেনদেন যেন নিরাপত্তাব্যবস্থায় জালিয়াতি হিসেবে চিহ্নিত না হয়, সে জন্য পেমেন্ট ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ওপেনএআই।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে চালু হওয়া এই সেবা থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক ও পেমেন্ট নেটওয়ার্কগুলোর সঙ্গে কাজ করে আরও বেশি ব্যবহারকারীর কাছে চ্যাটজিপিটি ওয়ালেট পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।

 

সূত্র: চ্যাটজিপিটি ওয়ালেট

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন