ই-কমার্স খাতের নিরাপত্তায় দরকার পুলিশের কার্যকর ভূমিকা- ডিসিসিআই
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:০৯, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৩৪, ২৫ নভেম্বর ২০২৬
ই-কমার্স খাতের নিরাপত্তায় দরকার পুলিশের কার্যকর ভূমিকা
ই-কমার্স খাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। একই সাথে সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি ও ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আধুনিকায়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয় তুলে ধরেন ডিসিসিআই সভাপতি। তাসকীন আহমেদের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল এ সময় আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাতে তাসকীন আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি। এ জন্য স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিল্প ও ব্যবসাপ্রধান এলাকায় নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
সাইবার নিরাপত্তা, আর্থিক জালিয়াতি প্রতিরোধ, ডিজিটাল লেনদেন ও ই-কমার্স খাতের সুরক্ষায় পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি।
তিনি আরও বলেন, দেশের মহাসড়ক ও বাণিজ্যিক এলাকায় পণ্য পরিবহনের সময় ব্যবসায়ীদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে হটলাইন চালু, শিল্প ও ব্যবসাপ্রধান এলাকায় নিরাপত্তা জোরদার এবং পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
চলমান অনাকাঙ্ক্ষিত শ্রমিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে উৎপাদনমুখী শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে ডিসিসিআই সভাপতি বলেন, এর ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির উন্নয়নে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বিশেষ করে শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বেসরকারি খাতসহ সব শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন।
যুক্তরাজ্যে অনলাইনে গাড়ি বিক্রি করবে অ্যামাজন
তিনি আরও বলেন, পুলিশ জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করছে। এ জন্য সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। আইজিপি আরও বলেন, দেশের জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা অপ্রতুল।
পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতা প্রয়োজন।
এসময় আরও উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা













