হ্যাকারদের লক্ষ্য সুপারমার্কেট
রেফ্রিজারেটরে সাইবার হামলায় নিরাপত্তা বাড়াচ্ছে সুপারমার্কেটগুলো
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১২:৫২, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৬, ৪ নভেম্বর ২০২৬
রেফ্রিজারেটরে সাইবার হামলায় নিরাপত্তা বাড়াচ্ছে ইউরোপের সুপারমার্কেটগুলো
ইউরোপের আটটি দেশের সুপারমার্কেটে সাইবার হামলা চালিয়ে রেফ্রিজারেটরের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা। এতে বিপুল পরিমাণ খাবার নষ্ট হওয়ায় সেগুলো ফেলে দিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট দোকানগুলো। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিজেদের প্রযুক্তিব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করা এবং নিরাপত্তা জোরদারে তৎপর হয়েছে সুপারমার্কেটগুলো।
মঙ্গলবার (৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটে একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। এর আগে প্রায় তিন সপ্তাহ আগে ফ্রান্সের কয়েক ডজন সুপারমার্কেটেও একইভাবে রেফ্রিজারেটরের নিয়ন্ত্রণ নিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিয়েছিল হ্যাকাররা।
সুইডেনের সুপারমার্কেট চেইন কুপ জানিয়েছে, তারা রেফ্রিজারেটরের নিয়ন্ত্রণ ব্যবস্থায় ৪জি নেটওয়ার্কের পরিবর্তে ৫জি নেটওয়ার্ক ও আধুনিক মডেম ব্যবহারের উদ্যোগ নিয়েছে। ফ্রান্সে হামলার ঘটনার পর থেকেই এ পরিবর্তনের কাজ শুরু হয়েছিল। সর্বশেষ হামলায় ক্ষতিগ্রস্ত সাতটি দোকান আবার চালু হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে সেসব দোকানের ফ্রিজের নিয়ন্ত্রণ ব্যবস্থা আপাতত ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে।
কুপের এক মুখপাত্র জানিয়েছেন, পুরো নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। কোনো দোকানে এ ধরনের দুর্বলতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি।
এদিকে রেফ্রিজারেটরের নিয়ন্ত্রণ ব্যবস্থার সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান ড্যানফস জানিয়েছে, গত তিন সপ্তাহ ধরে তারা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করছে। প্রতিষ্ঠানটির পরামর্শ, এসব নিয়ন্ত্রণ ব্যবস্থা সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত রাখা উচিত নয়।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত ডেলয়েটের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ফ্রাঙ্ক গ্রোনেভেগেন বলেন, সুপারমার্কেটগুলোকে এখনই পদক্ষেপ নিতে হবে। রেফ্রিজারেটরের নিয়ন্ত্রণ যন্ত্রে কোনো নিরাপত্তা ত্রুটি আছে কি না, সেগুলো ইন্টারনেটের সঙ্গে যুক্ত কি না এবং সর্বশেষ নিরাপত্তা হালনাগাদ করা হয়েছে কি না, তা পরীক্ষা করা জরুরি। কোনো যন্ত্রের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত না হলে সেটিকে অবিলম্বে উন্মুক্ত ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করতে হবে।
তিনি আরও বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হলে সমস্যা সমাধান হবে এটি ভ্রান্ত ধারণা। তবে এতে হামলাকারীরা ওই ব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে পারে না।
দেশের প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করেছে গ্রামীণফোন
ইউরোপের অনেক সুপারমার্কেট সমবায়ভিত্তিক কাঠামোয় পরিচালিত হয়। ফলে একই প্রতিষ্ঠানের সব দোকানে প্রযুক্তি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এক রকম নয়। সুইডেনের আরেক সুপারমার্কেট চেইন আইসিএ জানিয়েছে, সোমবারের হামলায় ক্ষতিগ্রস্ত তাদের ২৩টি দোকানের সব কটিতেই এমন যন্ত্র ছিল, যেগুলো নেটওয়ার্কের বাইরে সংযুক্ত ছিল।
এদিকে ইউরোপের বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা সংস্থাগুলোও পরিস্থিতির ওপর নজর রাখছে। ২ নভেম্বর সুইডেন, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও বেলজিয়ামে রেফ্রিজারেটরের নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। তবে সব ঘটনাই সাইবার হামলার কারণে ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কোডিং ছাড়াই গেম তৈরি সুযোগ দিচ্ছে গুগল
সূত্র: রয়টার্স













