১৭৮ ওয়েবসাইট ঝুঁকিতে
ক্রিপ্টোকারেন্সি চুরির ফাঁদে জনপ্রিয় ওয়েবসাইট, লক্ষ্য আইফোন ব্যবহারকারীরাও
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:৫৩, ১৭ নভেম্বর ২০২৬
ক্রিপ্টোকারেন্সি চুরির ফাঁদে জনপ্রিয় ওয়েবসাইট, লক্ষ্য আইফোন ব্যবহারকারীরাও
আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসিসহ, জুম, সিএনএন ও আইকিয়ার মতো জনপ্রিয় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর কোড ছড়িয়ে ক্রিপ্টোকারেন্সি ও ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। একই সঙ্গে আইফোন ব্যবহারকারীদের ডিভাইসেও ম্যালওয়্যার প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন খাতের ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের দর্শনার্থীরা ঝুঁকিতে পড়েছেন।
সাইবার নিরাপত্তা গবেষক স্কট হেলমের তথ্যমতে, ওয়েবসাইট অপটিমাইজেশন প্ল্যাটফর্ম অপটিমাইজেলির মাধ্যমে এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড যুক্ত করা হয়েছিল। এর ফলে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা ব্যবহারকারীদের তথ্য চুরির ঝুঁকি তৈরি হয়।
হ্যাকারদের মূল লক্ষ্য ছিল ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ঠিকানা বদলে নিজেদের ওয়ালেটের ঠিকানা বসানো। পাশাপাশি ক্রেডিট কার্ডের তথ্য, ব্রাউজারের কুকি ও স্ক্রিনশট সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছিল। এমনকি আইওএসচালিত ডিভাইসে ক্ষতিকর কোড প্রবেশ করানোর চেষ্টাও করা হয়।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হাডসনরক আক্রান্ত ওয়েবসাইটগুলো থেকে ব্যবহারকারীদের কাছে ক্ষতিকর কোড পাঠানোর প্রমাণ পেয়েছে। তবে এসব কোডের মাধ্যমে কতজনের তথ্য চুরি হয়েছে বা আইফোনে সফলভাবে অনুপ্রবেশ করা গেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
ঘটনার তদন্ত করছে সেলসফোর্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অপটিমাইজেলির স্ক্রিপ্টে অননুমোদিত পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সতর্কতার অংশ হিসেবে পরিবর্তিত স্ক্রিপ্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
ইকুইফ্যাক্সও তদন্তের পর অপটিমাইজেলির ব্যবহার বন্ধ করেছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নিজস্ব সিস্টেমে অনুপ্রবেশ বা তথ্য চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্য জানতে চাওয়ার পরও অ্যাপল, জুম, এইচএসবিসি, সিএনএন, আইকিয়া ও অপটিমাইজেলি তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
সূত্র: রয়টার্স।













