সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

| ২৪ কার্তিক ১৪৩৩

উত্তর কোরিয়ার হ্যাকার বাহিনী

মেধাবী শিশুদের হ্যাকার হিসেবে তৈরি করছে উত্তর কোরিয়া

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৩:২৪, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩২, ৯ নভেম্বর ২০২৬

মেধাবী শিশুদের হ্যাকার হিসেবে তৈরি করছে উত্তর কোরিয়া

মেধাবী শিশুদের হ্যাকার হিসেবে তৈরি করছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ায় হ্যাকারদের তৈরি করা হয় বিশেষ পরিকল্পনায়। ১১-১২ বছর বয়স থেকেই মেধাবী শিশুদের বাছাই করে দেওয়া হয় কম্পিউটার ও সাইবার প্রযুক্তির প্রশিক্ষণ। তাঁদের মধ্যে যারা সবচেয়ে দক্ষ, তাদের যুক্ত করা হয় সামরিক বাহিনীর সাইবার ইউনিটে। বড় ধরনের সাইবার হামলায় সফল হলে পুরস্কার হিসেবে মেলে বিপুল অর্থ, এমনকি রাজধানী পিয়ংইয়ংয়ে ফ্ল্যাটও।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক দশকের বেশি সময় ধরে এভাবে হ্যাকার বাহিনী গড়ে তুলছে উত্তর কোরিয়া। প্রতি বছর ১৫০ থেকে ২০০ শিক্ষার্থীকে কম্পিউটারবিজ্ঞান পড়ার জন্য বাছাই করা হয়। পরে তাঁদের মধ্য থেকে সেরাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে হ্যাকার হিসেবে তৈরি করা হয়।

২০০৪ সালে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া উত্তর কোরিয়ার সাবেক হ্যাকার প্রশিক্ষক কিম হিউং-কোয়াং বলেন, হ্যাকাররা কিম জং উনের অন্যতম গোপন অস্ত্র। অন্য কোনো দেশ এত কম বয়স থেকে মেধাবী শিশুদের খুঁজে বের করে এভাবে হ্যাকার হিসেবে গড়ে তোলে না।

১৯৯৮ সালে উত্তর কোরিয়া সাইবার ইউনিট গঠন করে। তবে কিম জং উন ক্ষমতায় আসার পর এ কার্যক্রম আরও গুরুত্ব পায়। ২০১৩ সালে তিনি সাইবার যুদ্ধকে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সামরিক হাতিয়ার হিসেবে ঘোষণা করেন।

সাধারণত ১১-১২ বছর বয়সে শিক্ষার্থীদের বাছাই শুরু হয়। ১৭ বছর বয়সে সেরাদের দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়। সেখানে কয়েক ধাপে যাচাইয়ের পর অল্প কয়েকজনকে সামরিক সাইবার ইউনিটে নেওয়া হয়। তাঁদের ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তি, বিদেশি যন্ত্রের সফটওয়্যার বিশ্লেষণ, উন্নত গণিত ও বিদেশি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়।

এই হ্যাকারদের জন্য রয়েছে নানা পুরস্কার। সফল সাইবার হামলায় পাওয়া অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত পুরস্কার হিসেবে পেতে পারে তাঁদের সামরিক ইউনিট। এ ছাড়া পিয়ংইয়ংয়ে ১৩২ বর্গমিটার পর্যন্ত আয়তনের ফ্ল্যাট, বিদেশ ভ্রমণ, ক্ষমতাসীন দলের সদস্যপদ এবং অভিজাত পরিবারে বিয়ের সুযোগও দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার ২০২৪ সালের হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার সাইবার কার্যক্রমে প্রায় ৮ হাজার ৪০০ জন কাজ করছেন।

সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বিন্যান্সে (Binance) ৬৩০ কোটি ডলারের সম্পদ চুরির ঘটনায় উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও বিন্যান্স কর্তৃপক্ষ। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং। ব্লকচেইন বিশ্লেষকদের ধারণা, ‘ট্রেডারট্রেইটার’ নামের একটি গোষ্ঠী এ হামলা চালিয়েছে। এফবিআইয়ের তথ্য অনুযায়ী, গোষ্ঠীটির সঙ্গে লাজারাস গ্রুপেরও সম্পর্ক রয়েছে।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই উত্তর কোরিয়ার হ্যাকারদের বড় শক্তি বলে মনে করছেন বিশ্লেষকেরা। অন্য দেশের হ্যাকাররা ধরা পড়ার ভয়ে হামলা বন্ধ করতে বাধ্য হলেও উত্তর কোরিয়ার হ্যাকারদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। ব্যর্থ হলেও তাঁরা নতুন কৌশলে আবার হামলা চালানোর সুযোগ পান।

 এআইয়ের অতিরিক্ত তাপ হতে পারে ঘরবাড়ি উষ্ণ রাখার উৎস

সাইবার হামলার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানে দূরবর্তীভাবে কাজ করা উত্তর কোরিয়ার তথ্যপ্রযুক্তি কর্মীরাও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছেন। চ্যাটজিপিটি, ক্লড কোড ও কার্সরের মতো এআই টুল দিয়ে তাঁরা প্রোগ্রামিং কোড লেখা, জীবনবৃত্তান্ত তৈরি এবং ভুয়া পরিচয় ও নথি তৈরির কাজ করছেন। জাতিসংঘের ১১ সদস্যের একটি নিষেধাজ্ঞা পর্যবেক্ষক দল ২০২৫ সালে জানিয়েছিল, ট্রেডারট্রেইটার গোষ্ঠীর কাছে চ্যাটজিপিটি ও ডিপসিকের অ্যাকাউন্ট ছিল।

তবে এসব কর্মীর জীবন মোটেও আরামদায়ক নয়। মানবাধিকার সংগঠন পিএসকোরের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের অনেককে ছোট জায়গায় গাদাগাদি করে থাকতে হয়। দিনে ১০ ঘণ্টার বেশি কাজের পাশাপাশি চলে সার্বক্ষণিক নজরদারি। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ আয়ের লক্ষ্য পূরণ করতে হয়। ব্যর্থ হলে অপমান ও শাস্তির মুখে পড়তে হয়।

বিশ্লেষকদের মতে, বিন্যান্সে হামলার মতো বড় সাফল্য উত্তর কোরিয়ার হ্যাকারদের আরও বড় লক্ষ্য বেছে নিতে উৎসাহিত করবে। এখন তারা বড় আর্থিক প্রতিষ্ঠান ও বিপুল অর্থের ভান্ডার রয়েছে এমন সংস্থাগুলোকে লক্ষ্য করছে। কঠিন নিরাপত্তাব্যবস্থা ভেঙে বড় অঙ্কের অর্থ পাওয়ার সুযোগই তাদের এসব হামলায় আগ্রহী করে তুলছে।

 বিল বেশি দিয়েও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি কম

 

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন